Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৩, ২০২৫

সবুজে সেজে উঠছে ভারত ! বনাঞ্চল বৃদ্ধিতে বিশ্বে নবম, মিলল জাতিসংঘের স্বীকৃতি

আরম্ভ ওয়েব ডেস্ক
সবুজে সেজে উঠছে ভারত ! বনাঞ্চল বৃদ্ধিতে বিশ্বে নবম, মিলল জাতিসংঘের স্বীকৃতি

সবুজ ভারতের পথে আরো এক ধাপ এগোল দেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-র নতুন রিপোর্টে জানানো হয়েছে, বিশ্বের মোট বনাঞ্চলের বিচারে ভারত এখন নবম স্থানে। আগে ছিল দশম। শুধু তাই নয়, বার্ষিক বনাঞ্চল বৃদ্ধির হারে ভারত টানা তৃতীয় স্থান ধরে রেখেছে। জাতিসংঘের গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট-২০২৫ রিপোর্টটি প্রকাশিত হয়েছে ইন্দোনেশিয়ার বালিতে।

কেন্দ্রের পরিবেশ ও বন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের মোট বনাঞ্চল বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ৭২.৭৪ মিলিয়ন হেক্টর, যা বিশ্বের মোট বনভূমির প্রায় ২ শতাংশ। গত ৩৫ বছরে এ অগ্রগতি আশাব্যঞ্জক। ১৯৯০ সালে যেখানে ভারতের বনভূমি ছিল ৬৪ মিলিয়ন হেক্টর, সেখানে তা আজ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ মিলিয়ন হেক্টর বেশি। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, রাশিয়া, ব্রাজিল এবং কানাডা এখনো বিশ্বের সবচেয়ে বড় ৩ বনসম্পদধারী দেশ। তবে সামগ্রিকভাবে বিশ্বে বন উজাড়ের হার কিছুটা বেড়েছে। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে প্রতি বছর গড়ে ৩.৬৮ মিলিয়ন হেক্টর বন হারালেও, ২০১৫ থেকে ২০২৫-এর মধ্যে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৪.১২ মিলিয়ন হেক্টর। বিশেষজ্ঞদের মতে, চিন, কানাডা ও আমেরিকায় নতুন বন গঠনের হার হ্রাস পাওয়াতেই এ প্রবণতা দেখা দিয়েছে।

তবে উলটো চিত্র ভারতে। দেশের বনাঞ্চল বৃদ্ধির হারে এখন বিশ্বের তৃতীয়। এফএও-র হিসাবে, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতে প্রতিবছর ১ লক্ষ ৯১ হাজার হেক্টর নতুন বনভূমি যুক্ত হয়েছে। পরিবেশ মন্ত্রক জানিয়েছে, এটি ভারতের ‘সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট’-এর সাফল্যের প্রতীক। সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ভারতের জন্য এটি গর্বের মুহূর্ত। আমরা আগের দশম স্থান থেকে উঠে এসেছি নবম স্থানে। পাশাপাশি, বনাঞ্চল বৃদ্ধির হারে টানা তৃতীয় স্থান ধরে রেখেছি। এটি মোদি সরকারের পরিকল্পিত পরিবেশনীতি ও রাজ্য সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির ফল।’তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক পেড় মা কে নাম’ অভিযানে সারা দেশে পরিবেশ সচেতনতা বেড়েছে। সমাজ ও ব্যক্তিগত স্তরে বৃক্ষরোপণের আগ্রহ বাড়ছে। এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য আরো সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করবে।’

জাতি সংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিশ্বে বর্তমানে মোট বনাঞ্চল ৪.১৪ বিলিয়ন হেক্টর, যা পৃথিবীর মোট স্থলভাগের প্রায় ৩২ শতাংশ। গড় হিসেবে, পৃথিবীর প্রতি মানুষের জন্য রয়েছে ০.৫০ হেক্টর বনভূমি। ইউরোপে রয়েছে বিশ্বের সবচেয়ে বড়ো বনভূমি (২৫ শতাংশ), যদিও দক্ষিণ আমেরিকায় বনভূমি স্থলভাগের প্রায় ৪৯ শতাংশ জুড়ে বিস্তৃত। বিশ্বের মোট বনাঞ্চলের অর্ধেকেরও বেশি অংশ কেবল ৫টি দেশের দখলে— রাশিয়া, ব্রাজিল, কানাডা, যুক্তরাষ্ট্র এবং চিন। শীর্ষ দশ বনাঞ্চলসম্পন্ন দেশগুলির মধ্যে রাশিয়া রয়েছে শীর্ষে (৮৩২.৬ মিলিয়ন হেক্টর), তার পরেই ব্রাজিল (৪৮৬ মিলিয়ন হেক্টর), কানাডা (৩৬৮.৮ মিলিয়ন হেক্টর), যুক্তরাষ্ট্র (৩০৮.৮ মিলিয়ন হেক্টর), চিন (২২৭ মিলিয়ন হেক্টর), কঙ্গো (১৩৯ মিলিয়ন হেক্টর), অস্ট্রেলিয়া (১৩৩.৫ মিলিয়ন হেক্টর), ইন্দোনেশিয়া (৯৬ মিলিয়ন হেক্টর), ভারত (৭২.৭ মিলিয়ন হেক্টর) এবং পেরু (৬৭ মিলিয়ন হেক্টর)।

এফএও জানিয়েছে, ১৯৯০ থেকে ২০২৫ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৮৯ মিলিয়ন হেক্টর বন উজাড় হয়েছে। যদিও উজাড়ের হার কিছুটা কমেছে—১৯৯০-২০০০ সালে বছরে ১৭.৬ মিলিয়ন হেক্টর বন হারালেও, ২০১৫-২০২৫-এর মধ্যে তা নেমে এসেছে ১০.৯ মিলিয়নে। এদিকে, ভারতের ক্ষেত্রে বনাঞ্চল বৃদ্ধির এই ধারাবাহিক উন্নতির পেছনে বাঁশ ও রাবার গাছের ব্যাপক চাষের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে রিপোর্টে উল্লেখ। এই মুহুর্তে বিশ্বে রাবার চাষে ভারত পঞ্চম এবং বাঁশ চাষে প্রথম স্থানে রয়েছে। তবে, পরিবেশ বিশ্লেষকদের মতে, ভারতের এ সাফল্য শুধুমাত্র সরকারি উদ্যোগের জন্য নয়, এটি সমাজের পরিবর্তিত মানসিকতার প্রতিফলন। শহর ও গ্রামে সমানতালে বৃক্ষরোপণ এবং স্থানীয় পরিবেশ সংরক্ষণ আন্দোলনই এ বৃদ্ধিকে টিকিয়ে রাখার মূল চাবিকাঠি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!