Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২৭, ২০২৩

দ্বিতীয় বিবাহে লাগবে সরকারি অনুমোদন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের নয়া নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্বিতীয় বিবাহে লাগবে সরকারি অনুমোদন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের নয়া নির্দেশ

অসম  রাজ্যের সরকারি কর্মচারীরা এবার থেকে দ্বিতীয়বার বিবাহ করতে চাইলে রাজ্যের অনুমতি লাগবে। যিনি দ্বিতীয়বার বিবাহ করতে চাইছেন তাঁর ধর্মে দ্বিতীয়বার বিবাহ অনুমোদিত হলেও রাজ্যের অনুমতি নিতে হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কোনও রাজ্য সরকারি কর্মচারীর কর্তব্যরত অবস্থায় বা অবসরের পর মৃত্যু হলে তাঁর দুই স্ত্রী সরকারের কাছে এসে অবসরকালীন ভাতা বা পেনশনার দাবি করে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর সরকারের তরফে এই নির্দেশ জারি করেছেন। অসম সরকার ২০ অক্টোবর একটি সরকারি নির্দেশিকা  রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জারি করেছে।

অসম সরকারের ওই নির্দেশিকায় বলা হয়েছে, “কোনও সরকারী কর্মচারী যাঁর স্ত্রী আছেন, তিনি সরকারের অনুমতি না নিয়ে অন্য দ্বিতীয়বার বিবাহ করতে পারবেন না, যদিও এই ধরনের দ্বিতীয় বা পরবর্তী বিবাহ তাঁর জন্য ব্যক্তিগত আইনের অধীনে অনুমোদিত হয়, তাহলেও দ্বিতীয় বা পরবর্তী বিবাহ করার আগে সরকারি অনুমতি না নিয়ে বিবাহ করা যাবে না।”

শুধু পুরুষ সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই নয়, একইভাবে, কোনও মহিলা সরকারি কর্মচারী তাঁদের স্বামী জীবিত থাকলে সরকারের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করতে পারবেন না বলেও ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

এই বছরের শুরুতে, অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অসম সরকার রাজ্যে অবিলম্বে বহুবিবাহ নিষিদ্ধ করতে চায়। বহুবিবাহ রোধে আমরা সেপ্টেম্বরের পরবর্তী বিধানসভা অধিবেশনে একটি বিল উত্থাপন করার পরিকল্পনা করছি। যদি আমরা কোনও কারণে এটা করতে না পারি, আমরা জানুয়ারির অধিবেশনে এই বিলটি বিধানসভায় উত্থাপন করব।”

মুখ্যমন্ত্রী আগস্টে রাজ্যে বহুবিবাহের অবসান ঘটাতে একটি প্রস্তাবিত আইন নিয়ে জনগণের মতামতও চেয়েছিলেন। অসম সরকার জানিয়েছে বহুবিবাহ নিষিদ্ধ করার আইন বিধানসভায় প্রণয়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে এবং ওই কমিটির রিপোর্টে বলা হয়েছে যে রাজ্য আইনসভা এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করতে সক্ষম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!