Advertisement
  • Uncategorized দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ২৫, ২০২২

‌মেঘালয়–আসাম সীমান্ত উত্তেজনায় সিবিআই তদন্তের আশ্বাস অমিত শাহর

আরম্ভ ওয়েব ডেস্ক
‌মেঘালয়–আসাম সীমান্ত উত্তেজনায় সিবিআই তদন্তের আশ্বাস অমিত শাহর

মেঘালয় এবং আসাম সীমান্তে মঙ্গলবার ৬ জনের প্রাণহানির ঘটনায় দুই রাজ্যের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছেন। এমনই জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
বৃহস্পতিবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে সিবিআই তদন্তের ব্যাপারে আশ্বস্ত করেছেন। মেঘালয়ের মুখমন্ত্রী অমিত শাহের কাছে সীমান্তে গুলি চালানোর বিষয়ে সিবিআই তদন্তের জন্য অনুরোধ করেন। কনরাড সাংমা পরে সংবাদ সংস্থাকে বলেন, ‘‌আমাদের দাবি মেনে নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এবং কেন্দ্র শীঘ্রই কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে তদন্ত স্থাপন করবে।’‌
এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র পরে টুইট করেছেন যে শাহ গুলি চালানোর ঘটনায় সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছেন। টুইটারে লেখা হয়েছে, ‘‌মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিতশাহের সাথে দেখা করেছেন এবং আসাম-মেঘালয় সীমান্তে দুর্ভাগ্যজনক ঘটনার জন্য সিবিআই তদন্তের অনুরোধ করেছেন। আসাম সরকারও এই বিষয়ে সিবিআই তদন্তের অনুরোধ করেছে। অমিত শাহ আশ্বাস দিয়েছেন সিবিআই তদন্ত করা হবে।’‌

মঙ্গলবার আসাম পশ্চিম কার্বি আংলং জেলা এবং মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের মুকরোহ গ্রামের সীমান্তবর্তী এলাকায় মঙ্গলবার ভোর ৩টার দিকে আসাম পুলিশ ও মেঘালয়ের জনতার মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আসাম পুলিশের সঙ্গে আসামের বনরক্ষীরাও উপস্থিত ছিলেন। সেই সংঘর্ষে আসামের এক বনরক্ষীসহ ৬ জন প্রাণ হারান। বেশ কয়েকজন আহত হন। আসাম পুলিশের দাবি, তারা কাঠ পাচারের অভিযোগে একটি ট্রাক আটকানোর চেষ্টা করেছিল। সেই সময় জনতা তাদের ঘিরে ফেলে হামলা চালায়। আত্মরক্ষার জন্য তারাও পালটা গুলি চালাতে বাধ্য হয়। নিহতদের মধ্যে পাঁচ জন মেঘালয়ের বাসিন্দা। মেঘালয়–আসাম সীমান্তে শান্তি বজায় রাখতে বিভিন্ন এলাকায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ভুয়ো খবর ছড়ানো ঠেকাতে অনেক এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!