Advertisement
  • Uncategorized
  • নভেম্বর ১৩, ২০২৬

১৯ ব্লক নিয়ে আত্মপ্রকাশ ‘সুন্দরবন জেলা’। সদর দফতর কাকদ্বীপে, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা

আরম্ভ ওয়েব ডেস্ক
১৯ ব্লক নিয়ে আত্মপ্রকাশ ‘সুন্দরবন জেলা’। সদর দফতর কাকদ্বীপে, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা

পশ্চিমবঙ্গের জেলা মানচিত্রে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। নতুন প্রশাসনিক জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে সুন্দরবন। ১৯টি ব্লককে নিয়ে নতুন সুন্দরবন জেলা গঠনের পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। এই নতুন জেলার অধিকাংশ এলাকা দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে নেওয়া হবে। পাশাপাশি উত্তর ২৪ পরগনার একাধিক ব্লকও অন্তর্ভুক্ত হতে চলেছে এই জেলার আওতায়।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নতুন সুন্দরবন জেলার অন্তর্ভুক্ত হতে পারে গোসাবা, বাসন্তী, ক্যানিং, নামখানা, পাথরপ্রতিমা, সাগর ও মথুরাপুর-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক ব্লক। অন্যদিকে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির বিস্তীর্ণ এলাকাও নতুন জেলার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট ১৯টি ব্লক নিয়ে গঠিত হবে নতুন প্রশাসনিক জেলা।

সুন্দরবনের ভৌগোলিক অবস্থান এবং এখানকার বিশেষ প্রাকৃতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই নতুন জেলা গঠনের উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এই অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা ভূমিক্ষয়, মাটিতে সমুদ্রের লবণাক্ততার প্রভাব, ঘন ঘন ঘূর্ণিঝড়, নদী ও সমুদ্রের বাঁধ ভেঙে যাওয়া এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি। প্রশাসনিকভাবে পৃথক জেলা তৈরি হলে নির্দিষ্ট ব্লকগুলিকে চিহ্নিত করে উন্নয়নমূলক কাজ আরও দ্রুত ও পরিকল্পিতভাবে করা সম্ভব হবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।

সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানাকে নতুন জেলা গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, জেলা সদর দপ্তর তৈরির জন্য ইতিমধ্যেই জেলাশাসকের কাছে নির্দিষ্ট জমি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, কাকদ্বীপেই হবে নতুন সুন্দরবন জেলার সদর দপ্তর। সেখানে একই চত্বরে গড়ে তোলা হবে জেলাশাসকের দপ্তর বা ডিএম অফিস, জেলা পরিষদ অফিস-সহ জেলার প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক কার্যালয়।

মন্ত্রী জানিয়েছেন, পুরো পরিকাঠামো তৈরি করতে আনুমানিক এক বছর সময় লাগতে পারে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক জমি হস্তান্তর করলেই পরবর্তী পর্যায়ের কাজ পুরোদমে শুরু করা সম্ভব হবে। উল্লেখ্য, দীপঙ্কর জানা নিজেও কাকদ্বীপের বিধায়ক। নতুন জেলা সদর কাকদ্বীপে গড়ে উঠলে সুন্দরবন এলাকার প্রশাসনিক কাজকর্ম আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে সল্টলেকে সুন্দরবন উন্নয়ন দফতরের যে অফিস রয়েছে, নতুন জেলা গঠনের পর সেটি শাখা অফিস হিসেবে কাজ করবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে।

প্রশাসনের মতে, কাকদ্বীপে জেলা সদর তৈরি হলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার কাজ অনেক দ্রুত করা সম্ভব হবে। ভৌগোলিকভাবে সুন্দরবন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সম্পূর্ণ আলাদা। ফলে আলিপুর থেকে এত বিস্তীর্ণ এলাকার প্রশাসনিক কাজ পরিচালনা করতে গিয়ে সময় ও অর্থ—দুইয়েরই অতিরিক্ত খরচ হয়। নতুন জেলা তৈরি হলে সেই খরচ অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছেন আধিকারিকরা।

এছাড়াও নতুন সুন্দরবন জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল গঙ্গাসাগর মেলা। প্রতিবছর এই জেলাতেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় মেলার আয়োজন হয়। কাকদ্বীপে জেলা সদর দপ্তর তৈরি হলে গঙ্গাসাগর মেলার প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা, পরিকাঠামো এবং বিপুল সংখ্যক পুণ্যার্থীর ব্যবস্থাপনা আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

শুধু প্রশাসনিক পরিকাঠামো নয়, সুন্দরবনের মৎস্যজীবীদের নিরাপত্তা ও উন্নয়নের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের সুরক্ষার কথা মাথায় রেখে তৈরি করা হবে উচ্চক্ষমতাসম্পন্ন কন্ট্রোল রুম। পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য পুলিশের উদ্যোগে গড়ে তোলা হবে একটি বিশেষ এমারজেন্সি সেল। মূলত মৎস্যজীবীদের বিপদের পরিস্থিতি, নিরাপত্তা এবং জরুরি সহায়তার বিষয়গুলির উপর নজর রাখবে এই ব্যবস্থা।

সব মিলিয়ে ১৯টি ব্লককে নিয়ে নতুন সুন্দরবন জেলা গঠনের পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণবঙ্গের প্রশাসনিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। এখন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কাছ থেকে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা। এরপরই কাকদ্বীপে নতুন জেলা সদর দপ্তর তৈরির কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়া, বিপর্যয় মোকাবিলা, মৎস্যজীবীদের নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে এই নতুন জেলা কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!