- Uncategorized
- জুন ২০, ২০২৬
তিনমাসে ৩৭ লক্ষ দর্শনার্থী চারধামে, সফরে মৃত্যু ১৯৮ জনের
এপ্রিল মাস থেকে শুরু হওয়া উত্তরাখণ্ডের চারধাম যাত্রায় এ বছর রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটেছে। রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৮ জুন পর্যন্ত চারধাম দর্শনে অংশ নিয়েছেন ৩৭ লক্ষেরও বেশি ভক্ত। তবে এই বিপুল জনসমাগমের পাশাপাশি উদ্বেগ বাড়িয়েছে পুণ্যার্থীদের মৃত্যুর সংখ্যা। গত তিন মাসে চারধাম যাত্রার সময় মোট ১৯৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।
প্রশাসনের দাবি, মৃতদের মধ্যে ১৯৫ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন স্বাস্থ্যজনিত কারণে। বাকি তিন জনের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। চারধামের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে কেদারনাথে, যেখানে প্রাণ হারিয়েছেন ৯৫ জন। বদ্রীনাথে মৃত্যু হয়েছে ৫৯ জনের, যমুনোত্রীতে ২৬ জনের এবং গঙ্গোত্রীতে ১৮ জনের।
চিকিৎসকদের মতে, উচ্চ পার্বত্য অঞ্চলে অক্সিজেনের স্বল্পতা, দীর্ঘ ও কঠিন পাহাড়ি পথ অতিক্রম এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলে অনেকের হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। এর জেরেই বহু পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়ছেন।
এই পরিস্থিতিতে চারধাম যাত্রায় অংশ নেওয়ার আগে প্রত্যেক পুণ্যার্থীকে স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। বিশেষত হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট বা অন্য কোনও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নিয়ে যাত্রায় সামিল হওয়ার আবেদন জানানো হয়েছে।
প্রতি বছর সাধারণত এপ্রিল বা মে মাসে চারধামের দরজা খুলে দেওয়া হয় এবং শীতের আগমনের আগে, অর্থাৎ অক্টোবর বা নভেম্বর মাসে তা বন্ধ করে দেওয়া হয়। প্রচলিত রীতি অনুযায়ী চারধাম যাত্রা ঘড়ির কাঁটার দিক অনুসরণ করে সম্পন্ন করা হয়। সেই অনুযায়ী প্রথমে যমুনোত্রী, তারপর গঙ্গোত্রী, কেদারনাথ এবং সবশেষে বদ্রীনাথ দর্শন করা হয়।
এ বছর এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভক্তসমাগম হয়েছে কেদারনাথে। সেখানে দর্শনে গিয়েছেন প্রায় ১২.৫ লক্ষ পুণ্যার্থী। বদ্রীনাথে গিয়েছেন প্রায় ১১.৫ লক্ষ মানুষ। গঙ্গোত্রীতে দর্শনার্থীর সংখ্যা ৬.১৭ লক্ষ এবং যমুনোত্রীতে প্রায় ৬ লক্ষ। এছাড়াও হেমকুণ্ড সাহিবেও এক লক্ষের বেশি পুণ্যার্থীর আগমন ঘটেছে।
রেকর্ড সংখ্যক ভক্তের উপস্থিতির মধ্যেই স্বাস্থ্যঝুঁকি এবং মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই নিরাপদ ও সুস্থ যাত্রা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
❤ Support Us








