- Uncategorized এই মুহূর্তে দে । শ
- জুলাই ২৮, ২০২৬
অমরনাথ যাত্রার পথে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল পুণ্যার্থী বোঝাই বাস, আহত ৩৯
দুর্যোগের পর ফের শুরু হওয়া অমরনাথ যাত্রায় মঙ্গলবার ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় পুণ্যার্থী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এই দুর্ঘটনায় ৩৯ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।
জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে গান্ডেরবাল জেলার গুন্ড এলাকার হরিগনিওয়ানের এস-মোড এলাকায়। এআর১১ ডি৫৬৫৫ নম্বরের বাসটি অমরনাথ দর্শন শেষে ফেরার পথে একটি বিপজ্জনক বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি রাস্তার পাশে থাকা একটি বাড়ির উপর গিয়ে পড়ে। ঘটনায় বাড়িটির একাংশ ভেঙে যায়। তবে সৌভাগ্যক্রমে বাসটি খাদে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৩৯ জনই আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে নিরাপত্তাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই এলাকায় রাস্তাটি এল-আকৃতির মতো বাঁক নিয়েছে। সেই বাঁকেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দেখতে পান, বাসটি একটি বাড়ির উপর পড়ে রয়েছে। এরপর কয়েকজন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত তীর্থযাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন উপরাজ্যপাল মনোজ সিনহা। তিনি এক্স হ্যান্ডেলে জানান, গান্ডেরবালের ডেপুটি কমিশনার এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়েছেন।
মনোজ সিনহা জানান, বাবা বরফানির দর্শন শেষে ফেরার পথে ৩৯ জন তীর্থযাত্রী আহত হয়েছেন এবং তাঁরা বর্তমানে এসকেআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে তিনি নিজেও হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন।
❤ Support Us








