Advertisement
  • Uncategorized
  • জুন ১৭, ২০২৬

জোড়া গোল করে রেকর্ড এমবাপের, সেনেগালকে ৩–১ ব্যবধানে হারাল ফ্রান্স

আরম্ভ ওয়েব ডেস্ক
জোড়া গোল করে রেকর্ড এমবাপের, সেনেগালকে ৩–১ ব্যবধানে হারাল ফ্রান্স

France’s forward #10 Kylian Mbappe shoots to score his team’s third goal during the 2026 World Cup Group I football match between France and Senegal at the New York/New Jersey Stadium in East Rutherford on June 16, 2026. (Photo by CHARLY TRIBALLEAU / AFP)

২০০২ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফ্রান্সকে হারিয়ে চমক দিয়েছিল। এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারল না সেনেগাল। প্রথমার্ধে ভাল খেলে আটকে রেখেছিল ফ্রান্সকে। দ্বিতীয়ার্ধে মাইকেল ওলিসে, কিলিয়ান এমবাপে, উসমান ডেম্বেলেদের দাপটে উড়ে গেল সেনেগাল। সেনেগালকে ৩–১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ফ্রান্স। জোড়া গোল করে রেকর্ড কিলিয়ান এমবাপের।

সেনেগালের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রথমার্ধে একেবারেই ছন্দে ছিল না ফ্রান্স। প্রথম ৪৫ মিনিটে সেনেগালের গোল লক্ষ্য করে মাত্র একটা শট নিতে পেরেছিল। এমবাপেরা সেনেগাল বক্সে মাত্র একবার বল স্পর্শ করার সুযোগ পান। উল্টে ম্যাচের ২৫ মিনিটেই পিছিয়ে পড়তে পারত ফ্রান্স। সেনেগালের ডিওফের অসাধারণ এক থ্রু পাস ধরে নিকোলাস জ্যাকসনের নেওয়া বাঁ পায়ের শট পোস্টে লেগে ফরাসি গোলরক্ষক মাইক মেইগনানের গায়ে লেগে প্রতিহত হয়। অল্পের জন্য বেঁচে যায় ফ্রান্স। ৪০ মিনিটে এবং প্রথমার্ধের ইনজুরি সময়ে সাদিও মানে দুটি সহজ সুযোগ হাতছাড়া না করলে প্রথামার্ধে এগিয়ে থেকেই মাঠ ছাড়ত সেনেগাল।

বিরতির পর একেবারে অন্য মেজাজে ফ্রান্স। আক্রমণে গতি বাড়ায় দিদিয়ের দেশঁর দল। ২০২২ বিশ্বকাপ ফাইনালে যেখানে শেষ করেছিলেন কিলিয়ান এমবাপে, বিরতির পর সেখান থেকেই যেন শুরু করলেন। তাঁকে আটকাতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছিল সেনেগাল রক্ষণকে। এরমধ্যেই ৪৮ মিনিটে উপামেকানো এবং ৫৪ মিনিটে মাইকেল ওলিসের সামনে গোলের সুযোগ এসেছিল। নিশ্চিত গোলের সুযোগ আটকে দেন সেনেগাল গোলরক্ষক এদুয়ার মেন্ডি। তবে ৬৬ মিনিটে আর রক্ষা হয়নি। বক্সের বাইরে থেকে ওলিসের ডিফেন্স চেরা নিখুঁত পাস ধরে  ডানপায়ের চমৎকার প্লেসিংয়ে ফ্রান্সকে ১–০ ব্যবধানে এগিয়ে নেন কিলিয়ান এমবাপে।

এই গোলেই একসঙ্গে তিনটি মাইলস্টোন স্পর্শ করেন এমবাপে। দেশের জার্সি গায়ে এটা তাঁর ৫৭ নম্বর গোল। একি সঙ্গে স্পর্শ করেন দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুকে। পাশাপাশি বিশ্বকাপে ১৩টি গোল করে স্পর্শ করেন লিওনেল মেসি ও জাস্ট ফন্টেইনকে। ৬৮ মিনিটে সেনেগালের জ্যাকসন ফ্রান্সের জালে বল পাঠালেও অফসাইডের কারণে রেফারি বাতিল করে দেন। ৭৯ মিনিটে ডেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন ব্র্যাডলি বারকোলা। মাঠে নামার ৩ মিনিটের আদ্রিয়ান র‌্যাবিওয়েটর পাস থেকে গোল করে ফ্রান্সকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন।

ম্যাচের ইনজুরি সময়ে আবার জ্বলে ওঠেন কিলিয়ান এমবাপে। ৯৬ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে অলিভিয়ে জিরুর (৫৭ গোল) রেকর্ড ভেঙে এককভাবে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান এমবাপে (৫৮ গোল)। বিশ্বকাপে গোলসংখ্যার নিরিখে ছাপিয়ে যান মেসিকে। ফ্রান্স এগিয়ে যায় ৩–১ ব্যবধানে। এমবাপের রেকর্ড গড়া গোলের ঠিক আগেই সেনেগালের তরুণ ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে একটা গোল পরিশোধ করেছিলেন। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!