- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৮, ২০২৫
হিমাচল প্রদেশে যাত্রীবাহী চলন্ত বাসের ওপর ভেঙে পড়ল পাহাড়, ১৮ জন নিহত
হিমাচল প্রদেশের বিলাসপুরে ভয়াবহ ভূমিধসে ১৮ জন বাসযাত্রী নিহত হয়েছেন। বেশ কয়েকজন গুরুতর আহত। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার বিলাসপুর জেলার ঝানডুতা মহকুমার বাল্লু ব্রিজের কাছে একটা চলন্ত বেসরকারি বাসের ওপর পাহাড়ের ঢাল থেকে প্রচুর পরিমাণে কাদা ও পাথর নেমে আসে। ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারউইনের দিকে যাচ্ছিল। প্রবল বৃষ্টির কারণে পুরো পাহাড় বাসের ওপর আছড়ে পড়ে।ফলে বাসটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ১৫ জন বাসযাত্রী নিহত হন। এক শিশুসহ ৪ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে ছুটে আসে। ঘটনাস্থল থেকে পাওয়া এক ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারী দল জেসিবি দিয়ে ধ্বংসাবশেষ পরিষ্কার করছে এবং বেশ কয়েকজন আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে। ভিডিওতে বাসের ওপর কাদা ও পাথরের স্তুপ দেখা গেছে।
বিলাসপুরের ডেপুটি পুলিশ কমিশনার রাহুল কুমার সংবাদ মাধ্যমকে জানান, ‘বাসটিতে ৩০ জনেরও বেশি যাত্রী ছিল। যদিও এখনও পর্যন্ত সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। ১৫ জন যাত্রী মারা গেছেন। তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ, দমকল বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ পরিষ্কার করে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করছে।’
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্স–এ তিনি লিখেছেন, ‘হিমাচল প্রদেশের বিলাসপুরে ভূমিধসের ফলে বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এক্স–এ এক বিবৃতিতে তিনি বেলেছেন, ‘হিমাচল প্রদেশের বিলাসপুরে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্স–এ তিনি লিখেছেন, ‘মৃতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারগুলিকে সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে আছি। সরকার নিহত ও আহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেবে।’
❤ Support Us







