Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৩১, ২০২৫

বছরের শেষে হিমশীতল বাংলায় শীতের তাণ্ডব

আরম্ভ ওয়েব ডেস্ক
বছরের শেষে হিমশীতল বাংলায় শীতের তাণ্ডব

বছরের শেষ দিনেই কার্যত হাড়কাঁপানো ঠান্ডায় কাবু বাংলা। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডায় জবুথবু তিলোত্তমা। চলতি মরশুমে এটাই কলকাতার শীতলতম দিন, ভেঙেছে ২০২৫ সালের সমস্ত পূর্ববর্তী রেকর্ড।

শুধু কলকাতা নয়, বছরের শেষ দিনে জেলাগুলিতেও রেকর্ড পরিমাণ ঠান্ডা অনুভূত হয়েছে। ভোরের আলো ফুটতেই উত্তর থেকে দক্ষিণ—গোটা রাজ্য জুড়েই শীতের দাপট চোখে পড়ার মতো। পাহাড়ে পরিস্থিতি আরও ভয়াবহ। সান্দাকফুতে তাপমাত্রা নেমেছে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে, দার্জিলিংয়ে পারদ ঘোরাফেরা করছে ৩ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গও পিছিয়ে নেই—পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রয়েছে।

রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকায় শীতের কামড় আরও তীব্র হয়েছে। সোমবার ও মঙ্গলবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে সাড়ে ৭ ডিগ্রি ও ৬ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

আবহাওয়া দপ্তরের মতে, আজ সন্ধ্যার পর রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট বাড়তে পারে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ইতিমধ্যেই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, শীতল ও পুবালি হাওয়ার প্রভাবে আলিপুরদুয়ার জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে মৌসম ভবন।

আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার গতি কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে। এর জেরে নতুন বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও এখনই ঠান্ডার দাপট কমার কোনো ইঙ্গিত নেই।

বরং মৌসম ভবনের পূর্বাভাস বলছে, রবিবার রাত থেকে ফের তাপমাত্রা নামতে শুরু করবে। নতুন বছরের ৫ থেকে ১২ জানুয়ারির মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় আবারও জাঁকিয়ে বসতে পারে শীত। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা প্রবল।

সব মিলিয়ে বলা যায়, বছরের শেষে যেমন শীত নিজের পূর্ণ শক্তি দেখিয়েছে, নতুন বছরেও সেই শীতের ইনিংস যে বেশ কিছুদিন চলবে, তা প্রায় নিশ্চিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!