Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১২, ২০২৫

বাল্যবিবাহ, কিশোরী গর্ভাবস্থা সম্পর্কিত সচেতনতা

আরম্ভ ওয়েব ডেস্ক
বাল্যবিবাহ, কিশোরী গর্ভাবস্থা সম্পর্কিত সচেতনতা

বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরী গর্ভাবস্থা রোধ ও বিশেষভাবে সক্ষমদের আইনি অভিভাবকত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে শিবির। পূর্বস্থলীর শ্রীরামপুর নজরুল মঞ্চে এই শিবিরের আয়োজক কালনা মহকুমা প্রশাসন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘সমাজে কিশোর-কিশোরীদের শিক্ষিত করে তোলা আমাদের অন্যতম দায়িত্ব। বাল্যবিবাহ শুধুমাত্র কন্যাশিশুর ভবিষ্যত নষ্ট করে না, গোটা সমাজকে পিছিয়ে দেয়। তাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি, কালনা মহকুমাশাসক শুভম আগরওয়াল, এসডিপিও রাকেশ চৌধুরী, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি-সহ প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। জেলাশাসক বলেন, ‘প্রতিটি অভিভাবকের সচেতন হওয়া জরুরি। কিশোরী মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দিলে শুধু শারীরিক নয়, মানসিক ঝুঁকিও তৈরি হয়। সরকার ও প্রশাসন কড়াভাবে বাল্যবিবাহ রোধে কাজ করছে। তবে এই লড়াই সফল করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’ তিনি আরো বলেন, ‘কিশোরী অবস্থায় গর্ভাবস্থা থেকে উদ্ভূত স্বাস্থ্য সমস্যা, পড়াশোনার বিঘ্ন ও সামাজিক প্রভাব সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’ পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের আইনি অভিভাবকত্ব সংক্রান্ত আইন ও অধিকার সম্পর্কেও আলোকপাত করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!