- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৫, ২০২৩
দিল্লির মুখ্য সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দিল্লির রাজ্যপালের কাছে রিপোর্ট কেজরির।সিবিআই, ইডি তদন্তের দাবি
দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িত। নরেশ কুমারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে রাজ্যপাল ভি কে সাক্সেনাকে একটি রিপোর্ট পেশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার সকালে পেশ করা ওই রিপোর্টে নরেশকে সাসপেন্ড করার দাবি জানিয়ে সিবিআই এবং ইডিকে তদন্তভার দেওয়ার আর্জিও রাজ্যপালের কাছে জানিয়েছেন কেজরিওয়াল।
সদ্য বিতর্কে জড়িয়েছেন দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি জমি দুর্নীতিতে জড়িত। তাঁর বিরুদ্ধে নিজের ছেলের সংস্থাকে একটি চুক্তিতে ৩১৩ কোটি টাকার মুনাফা পাইয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল আগেই। তবে রিপোর্টে ওই অঙ্ক আরও বাড়িয়ে ৮৯৭ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। কেজরিওয়ালের দপ্তরের তরফে মন্ত্রী আতিশির কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়। সেই ৬৭০ পাতার রিপোর্ট জমা পড়ে মঙ্গলবার। রিপোর্টে ডিভিশনাল কমিশনার অশ্বিনী কুমারকে সরিয়ে দেওয়ার দাবিও করা হয়েছে।
তবে এই প্রসঙ্গে প্রথমে নরেশ কুমারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু পরে তিনি দাবি করেন, তাঁর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই এই ‘চক্রান্ত’ করা হচ্ছে। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় কোণঠাসা আপ। গ্রেপ্তার হয়েছেন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতির মাথা বলে খোঁচা দিচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে এবার মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন অরবিন্দ কেজরিওয়াল। এখন দেখার, অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগে দিল্লির রাজ্যপাল ভি কে সাক্সেনা, সিবিআই, ইডি কি ব্যবস্থা নেয়।
❤ Support Us






