Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৬

বাংলাদেশের সেনানেতৃত্বে ব্যাপক রদবদল। দিল্লির দূতাবাসে কর্মরত সেনাকর্তাকে দেশে ফেরালেন তারেক রহমান

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশের সেনানেতৃত্বে ব্যাপক রদবদল। দিল্লির দূতাবাসে কর্মরত সেনাকর্তাকে দেশে ফেরালেন তারেক রহমান

কয়েকদিন আগেই বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। নতুন সরকার গঠনের পর দেশটির সেনাবাহিনীতেও বড়োসড়ো রদবদল শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি । সেনা সদর দফতরের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, সরকারী নির্দেশে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং গোয়েন্দা সংস্থার প্রধানসহ একাধিক শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশের সংবাদ সংস্থা ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল এম মইনুর রহমানকে বাংলাদেশ সেনার নতুন চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) পদে নিযুক্ত করা হয়েছে। তিনি আগে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (এআরটিডিওসি)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে বিদেশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, তাঁকে সম্ভবত কোনো দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হতে পারে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি আগের কর্মজীবনে পদাতিক বাহিনীর ২৪তম ডিভিশনে দায়িত্বে ছিলেন।

রদবদলের অংশ হিসেবে মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলামকে পদাতিক বাহিনীর ৫৫তম ডিভিশন থেকে পাঠিয়ে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে মেজর জেনারেল ফিরদৌস হাসানকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদ থেকে সরিয়ে ২৪তম ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকেও পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে এবং তাঁকে সেনার ৫৫তম ইন্ফ্যান্ট্রি ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। পদোন্নতির খবর পাবার সঙ্গে সঙ্গে তিনি ভারতে থেকে বাংলাদেশে ফিরে গিয়েছেন বলে যানা যাচ্ছে।

কী কারণে তড়িঘড়ি এই রদবদল তা অবশ্য স্পষ্ট নয়। যদিও বাংলাদেশের সেনাবাহিনী এই সব পরিবর্তনকে ‘রুটিন’ রদবদল বলে আখ্যা দিয়েছে। রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকারের ক্ষমতা গ্রহণের সঙ্গে রদবদলগুলি সময়োপযোগী এবং বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে, বিএনপি সরকারের নতুন নেতৃত্ব শীর্ষ সেনা পদে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে চাইছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি, বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হুসেন কিছু বিস্ফোরক দাবি তুলে ধরেছেন। তাঁর অভিযোগ প্রাক্তন প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনূস সেনা প্রধান ওয়াকার উজ জামানকে পদ থেকে সরানোর পরিকল্পনা করেছিল। হুসেন দাবি করেন, ইউনুস তাঁর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বৈঠকের জন্য পাঠিয়েছিলেন এবং সরকার আরও কয়েকজন জেনারেলকে পদ থেকে সরানোর জনমত তৈরিতে তার সাহায্য চাইছিল। এহেন অভিযোগ ও ইউটিউবারের বিশ্লেষণ বিএনপি সরকারের সেনাকর্মকর্তাদের  রদবদলের পটভূমি নিয়ে রাজনৈতিক জল্পনা আরও বাড়িয়েছে।

বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক মহলে এই রদবদলকে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে। বিশেষ করে নতুন চিফ অফ জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার, ডিজিএফআই-এর পরিচালক এবং পদোন্নতি প্রাপ্ত সেনা কর্মকর্তাদের নতুন নিয়োগে সেনাবাহিনীর কৌশলগত ভারসাম্য ও রাজনৈতিক প্রভাব স্পষ্ট। এই সমস্ত পদক্ষেপ বাংলাদেশ সেনার অভ্যন্তরীণ কাঠামো ও নতুন সরকারের ক্ষমতায়ন নীতি উভয়ের প্রভাব প্রতিফলিত করবে বলে মত বিশ্লেষকদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!