- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২৭, ২০২৩
নেদারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ
শনিবার ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপে নেদারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লিগ টেবিলে এই মুহূর্তে ২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে রয়েছে বেঙ্গল টাইগাররা। সেমিফাইনালের আশা খুবই ক্ষীণ। তবুও স্বপ্ন দেখা ছাড়ছে না বাংলাদেশ। শনিবার নেদারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে চায় বাংলাদেশ। সেই কথাই শোনা গেল বাংলাদেশের জোরে বোলার তাসকিন আহমেদের মুখে।
পুজোর কার্নিভালের জন্য শুক্রবার ইডেন গার্ডেন্সে তড়িঘড়ি অনুশীলন সারতে হল বাংলাদেশ দলকে। বৃহস্পতিবার রাতেই ঢাকা থেকে কলকাতায় চলে এসেছিলেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর দিকেই নজর ছিল সকলের। নেটে যথারীতি ব্যাটিং-বোলিং প্র্যাকটিস। অধিনায়ক নিজেও রানে ফিরতে মরিয়া। পাশাপাশি নেদারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখার বিষয়টিও তাঁর মাথায় রয়েছে।
বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে চলতি বিশ্বকাপে একের পর এক অঘটন।
নেদারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে অঘটনের ঘটানোর কথা মাথায় রাখছে বাংলাদেশ শিবির। সেই কথাই শোনা গেল তাসকিনের মুখে। সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের এই জোরে বোলার বলেন, “আমাদের আশা এখনো শেষ হয়নি। এখনও চারটি ম্যাচ বাকি। আমরা যদি এই চার ম্যাচে জিততে পারি, তাহলে অনেক কিছুই ঘটতে পারে। কারণ নেট রানরেটের বিষয়টাও রয়েছে।” তাসকিন আমেদ যতই চার ম্যাচে জয়ের কথা বলুক না কেন, তাঁদের খেলতে হবে হল্যান্ড, পাকিস্তান অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে।
তাসকিন অবশ্য চলতি বিশ্বকাপে অঘটনের বিষয়টিও মাথায় রাখছেন। তাঁর যুক্তি, ” ইংল্যান্ড আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছে। দক্ষিণ আফ্রিকাও হল্যান্ডের কাছে হেরেছে। তাই আমরা যদি পরপর চারটি ম্যাচ জিততে পারি তাহলে ছবিটা বদলে যেতে পারে। তবে আমরা এখন পরের ম্যাচগুলোর কথা মাথায় রাখছি না। এক একটা ম্যাচ ধরে এগোতে চাই। দল যে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি, সেকথাও স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের এই জোরে বোলার। তাসকিন বলেন, “আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। ব্যাটিং-বোলিং দুই বিভাগই সেভাবে জ্বলে উঠতে পারেনি। বাকি চারটি ম্যাচে আমাদের ভালো খেলতেই হবে। ব্যাটিং-বোলিংয়ে উন্নতি করতে হবে। আমরা যেভাবে খেলছি এর থেকে ভালো খেলার ক্ষমতা আছে। কিন্তু নিজেদের সেভাবে মেলে ধরতে পারছি না। এখন দেখার সাকিব বিতর্ক ঝেড়ে ফেলে বাংলাদেশ হল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠতে পারে কিনা।
❤ Support Us






