- দে । শ
- জুন ১৩, ২০২৫
কালনায় ধৃত বাংলাদেশের যুবতী
কালনা পুলিশের জালে বাংলাদেশের নাগরিক। কালনা শহর লাগোয়া ভাগীরথীর খেয়াঘাট এলাকা থেকে শিল্পী আখতার নামে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। সে কোনও পাসপোর্ট, ভিসা বা বৈধ নথি দেখাতে পারেননি। ধৃতকে কালনা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গেল ধৃত মহিলা বাংলাদেশের বরিশালের খেজুরবাড়ি-দাসপাড়া এলাকার বাসিন্দা। কালনার খেয়াঘাট সংলগ্ন এলাকায় তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে টহলদারি পুলিশ। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে বাংলাদেশ থেকে এসেছে। পাসপোর্টের বিষয়ে জিজ্ঞাসা করাতে শিল্পী জানায়, ‘এক বন্ধুর কাছে রয়েছে।’ তবে কী উদ্দেশ্যে শিল্পী বাংলাদেশ থেকে কালনায় এসেছে, সে বিষয়ে পুলিশের কাছে কিছু খোলসা করেনি। কালনা মহকুমা আদালতে পেশ করার সময় শিল্পী জানায়, ‘এক বান্ধবী পাচার করে দিয়েছে।’ তবে কী উদ্দেশ্যে পাচার করেছে, সেই জিজ্ঞাসার সদুত্তর দিতে পারেনি শিল্পী। উল্লেখ্য যে, কালনা শহরের প্রান্তে কদমতলা এলাকায় একটি যৌনকর্মীদের এলাকা রয়েছে। শিল্পীকে সেখানে পাচারের উদ্দেশ্য ছিল কিনা, জানার চেষ্টা করছে পুলিশ।
❤ Support Us





