- দে । শ
- জুন ৩০, ২০২৫
বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুন শাখার সূচনা পূর্বস্থলীতে
প্রত্যন্ত এলাকার কৃষকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে চালু ব্যাঙ্কের শাখা। দি বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ৪৩তম শাখার সূচনা হল পূর্বস্থলী ২ নং ব্লকের পারুলিয়া বাজারে। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রানি এ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি-সহ বহু বিশিষ্ট।উল্লেখ্য যে, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক মূলত বর্ধমান পূর্ব ও পশ্চিম ২ জেলার মধ্যেই সীমাবদ্ধ। ব্যাঙ্কের পরিষেবার মধ্যে উল্লেখযোগ্য হল কৃষি ঋণ দান, ব্যক্তিগত ঋণদান, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে টাকা জমা ও তোলা প্রভৃতি। নাদনঘাটের সমুদ্রগড় ও কাটোয়ার মাঝে এর আগে এই ব্যাঙ্কের কোনও শাখা ছিল না। পারুলিয়া এলাকায় শাখা হওয়ায় এই এলাকার হাজার হাজার মানুষের বিভিন্ন রকম সুবিধা হবে। সূচনার পরই এই ব্যাঙ্ক থেকে এলাকার দুটি সমবায় সমিতিকে ৮ কোটি টাকা ঋণ দেওয়া হয়। পঞ্চায়েত মন্ত্রী জানান, ‘কৃষক, তাঁতি-সহ সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষজনকে মহাজনী ঋণের ফাঁস থেকে মুক্ত করতে আজ থেকে ১০৭ বছর আগে বর্ধমান শহরে এই ব্যাঙ্কের পথ চলা শুরু হয়। এখন এই ব্যাঙ্কের সমস্ত শাখাই সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষজনের সহায়।’
❤ Support Us






