- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৬, ২০২৫
বাতিল হতে পারে জামিন, পার্থ চট্টোপাধ্যায়কে কোন সতর্কবার্তা দিল ব্যাঙ্কশাল আদালত ?
শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় জামিনে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এ বার কঠোর অবস্থান নিল ব্যাঙ্কশাল আদালত। বুধবার নির্ধারিত দিনে আদালতে সশরীরে হাজিরা না দেওয়ায় পার্থের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারক শুভেন্দু সাহা। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন—”হাজিরা না দিলে আদালত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিল করতে পারে।”
বুধবার ইডির বিশেষ আদালতে পার্থের হাজিরার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। তাঁর আইনজীবী জানান, অসুস্থ থাকার কারণে হাজিরা দিতে পারেননি পার্থ। কিন্তু আদালত সেই যুক্তি মানতে নারাজ।
বিচারক প্রশ্ন তোলেন, “চিকিৎসক তো কোথাও বেড-রেস্টের কথা বলেননি। তাহলে আদালতে এলেন না কেন?”
এরই সঙ্গে বিচারক আরও মন্তব্য করেন, “যে জামিন কনফার্ম করেছি, প্রয়োজনে একই জামিন বাতিলও করতে পারি। আশা করি পচা শামুকে পা কাটবেন না।”
বিচারকের এই মন্তব্যেই স্পষ্ট, আদালত এড়ানো বা শর্ত অমান্য করলে কড়া পদক্ষেপ করতে প্রস্তুত নিম্ন আদালত।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ কয়েকজনকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়। তবে শর্ত ছিল—
নির্ধারিত দিনে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। সমস্ত নথি-সংক্রান্ত কনফার্মেশন হবে ব্যাঙ্কশাল আদালতেই।
আদালতের মতে, পার্থ সেই শর্ত মানেননি। ফলে তাঁর জামিনের স্থায়িত্ব নিয়েই প্রশ্ন উঠেছে।
আইন অনুযায়ী, উচ্চ আদালত জামিন দিলেও তা প্রক্রিয়াগতভাবে স্বীকৃতি পায় নিম্ন আদালতে। সেখানে হাজিরা দেওয়া বাধ্যতামূলক।
বুধবার সেই আনুষ্ঠানিক প্রক্রিয়া চলাকালীন পার্থ অনুপস্থিত থাকায় আদালত সরাসরি তাঁকে সতর্ক করেছে।
❤ Support Us






