- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৪, ২০২৫
জটিল অস্ত্রোপচারে সাফল্য বর্ধমান মেডিক্যালে
জটিলতম অস্ত্রোপচারে মিলল সাফল্য। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রাণরক্ষা হল বছর সাতেকের শিশু বাবুলাল হোসেনের। কী হয়েছিল বাবুলালের? হুগলীর গোঘাট থানার হাজিপুরের বাসিন্দা পেন নিয়ে খেলছিল। হঠাৎ করেই গিলে ফেলে পেনের ঢাকনা। আটকে যায় শ্বাসনালীতে। কমতে থাকে শরীরের অক্সিজেনের মাত্রা। ওষ্ঠাগত প্রাণ বাবুলালকে ভরতি করা হয় আরামবাগ মেডিক্যাল কলেজে। সেখানে পরিকাঠামো না থাকায় রেফার বর্ধমানে। শ্বাসনালীর পাশে গলায় ছ্যাঁদা করে নেজাল এণ্ডোস্কোপির মাধ্যমে আটকে থাকা পেনের ঢাকনা বের করলেন ডাক্তাররা। বিশিষ্ট চিকিৎসক ঋতম রায়, শুভদীপ সরকার, বিকাশ বিষয়ী ও অসীম সরকারকে নিয়ে গঠিত মেডিক্যাল টিম এই অসাধ্য সাধন করল। ছেলেকে ফিরে পেয়ে চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ বাবুলালের পরিবার। বাবুলালের মা আয়েশা বেগম বললেন, ‘সরকারি হাসপাতালে এত বড় চিকিৎসা হল। ছেলেটাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে দিলেন ডাক্তারবাবুরা। কী বলে যে কৃতজ্ঞতা জানাব ভেবে পাচ্ছি না।’
এই ধরনের জটিল অস্ত্রোপচার ‘চিকিৎসাশাস্ত্রে অভিনব’ বলে দাবি ওই চিকিৎসকদের। তাই এই চিকিৎসা পদ্ধতি মেডিক্যাল জার্নালে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ বললেন, ‘এই ধরনের অস্ত্রোপচার এখানে প্রথম। ডাক্তারবাবুদের ধন্যবাদ।’ চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেল, বাবুলালের যে অবস্থা হয়েছিল, তার থেকে রেহাই পেতে প্রথমে ব্রঙ্কোস্কপি করতে হয়। বাবুলালের ক্ষেত্রে ব্রঙ্কোস্কপি সফল না হওয়ায় ফুসফুসে অস্ত্রোপচার অনিবার্য হয়ে পড়ে। কিন্তু সেক্ষেত্রে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে হত। তাতে জীবনহানির আশঙ্কা। এরপরই বর্ধমানের চিকিৎসকরা ঠিক করেন, ফুসফুস না কেটে শ্বাসনালীর পাশে ফুটো করে পেনের ঢাকনা বের করা হবে। পরিকল্পনা সফল হওয়ায় খুশি সবাই। অস্ত্রোপচারের জন্য গড়া মেডিক্যাল টিমের এক সদস্য ঋতম রায় জানান, ‘ফুসফুসে অস্ত্রোপচার না করে নাজাল এণ্ডোস্কোপির মাধ্যমে শ্বাসনালী থেকে কিছু বের করা চিকিৎসা বিজ্ঞানে এই প্রথম।’ এহেন যুগান্তকারী সাফল্য চিকিৎসা পরিষেবায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মুকুটে নয়া তাজ।
❤ Support Us








