Advertisement
  • দে । শ
  • জুলাই ২৯, ২০২৪

ক্যানসার ও নিউরো সার্জারি-সহ গুচ্ছ অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা যুক্ত হচ্ছে বর্ধমান মেডিক্যালে

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্যানসার ও নিউরো সার্জারি-সহ গুচ্ছ অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা যুক্ত হচ্ছে বর্ধমান মেডিক্যালে

নিউরো সার্জারি ও ক্যানসারের আধুনিক চিকিৎসাক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ক্যানসারের আধুনিক চিকিৎসার জন্য এখানে তৈরি হচ্ছে ‘টার্সিয়ারি ক্যানসার ইউনিট’। বছরখানেক আগে চালু হয়ে গিয়েছে বহির্বিভাগ। ভবন তৈরি না হওয়ার জন্য ইন্ডোর পরিষেবা চালু হয়নি। এই ভবন তৈরির জন্য সময়সীমা বেঁধে দিলেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। রোগীকল্যাণ সমিতির বৈঠকে যোগ দিয়ে মন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। তাই দ্রুত ভবন তৈরির কাজ শেষ করতে বলা হয়েছে পূর্ত দপ্তরকে। মানুষের চিকিৎসা পরিষেবা নিয়ে কোনও আপস নয়।’ পূর্ত দপ্তর সূত্রের খবর, স্বাস্থ্য ভবনের পাঠানো ৯ কোটি ৯২ লাখ টাকা আটকে ছিল প্রযুক্তিগত কারণে। সমস্যা মিটেছে। মাস ছয়েকের মধ্যেই ভবন তৈরির কাজ সম্পূর্ণ হবে।
রোগীকল্যাণ সমিতির বৈঠকে চিকিৎসা পরিষেবা, পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। হাসপাতালে একটি বার্ন ইউনিট তৈরির জন্য ১ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। জরুরি বিভাগ লাগোয়া নতুন ভবনে এই ইউনিটটি তৈরি হবে। এই ৭ তলা ভবনটি ১০ তলা হবে। ৮ তলায় হবে বার্ন ইউনিট। জরুরি বিভাগের সামনে অবাধ চলাচল রুখতে একটি নতুন রাস্তা ও গেট তৈরিরও সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের মধ্যে থাকা জলাশয়টির সৌন্দর্যায়ন হবে। এছাড়া শয্যার পাশেই ডায়ালিসিস চালু করার কাজ শেষ পর্যায়ে। হাসপাতালের গুরুত্বপূর্ণ শাখা অনাময়ে ৩ মাসের মধ্যে ১০ শয্যার স্ট্রোক ইউনিট ‘ডেডিকেটেড স্ট্রোক হাব’ তৈরিরও একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এছাড়া হাসপাতালের যাবতীয় পরিষেবা বিষয়ক একটি রিপোর্ট কার্ড তৈরি হবে।
স্নায়ু রোগের চিকিৎসার জন্য অনাময়ে নিউরো বিভাগ চালু হয়েছে বছর দুয়েক আগে। এবার অস্ত্রোপচারের জন্য খোলা হবে নিউরো সার্জারি বিভাগ। এর ফলে ট্রমা সেন্টারটি আরও উন্নত হবে। বর্তমানে এখানে রয়েছে লেভেল-২ ট্রমা কেয়ার সেন্টার। স্ট্রোক হাব ও নিউরো সার্জারি বিভাগ চালু হলে সেটি লেভেল-১ ট্রমা সেন্টারে উন্নীত হবে। সেখানে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন পরিষেবা থাকবে। রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী স্বপন দেবনাথ বললেন, ‘পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত হলেও এখানকার মেডিক্যাল কলেজ হাসপাতালের উপর পার্শ্ববর্তী বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলা, এমনকী ঝাড়খণ্ডেরও বহু মানুষ নির্ভরশীল। তাই এই হাসপাতালটিকে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবাসম্পন্ন করে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারেবারেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এখন আর চিকিৎসার জন্য চট করে এখান থেকে কলকাতায় যেতে হয় না। ধীরে ধীরে কলকাতা নির্ভরশীলতা শূন্য করার লক্ষ্যে একটার পর একটা আধুনিক চিকিৎসা পরিষেবা ক্ষেত্র যুক্ত করা হচ্ছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!