- দে । শ
- মে ১২, ২০২৬
বারুইপুরে রাজনৈতিক কোন্দল, সাসপেন্ড আইসি ও সাব-ইনস্পেক্টর
বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধরের অভিযোগে বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে বারুইপুর থানার আইসি সমর দে এবং সাব-ইনস্পেক্টর সুকুমার রুইদাসকে। রাজ্য পুলিশের তরফে ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। পাশাপাশি আইসি সমর দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
অভিযোগ, ফলপ্রকাশের পরের দিন অর্থাৎ গত ৫ মে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে পুলিশ মারধর করে। এই ঘটনায় সরাসরি বারুইপুর থানার আইসি সমর দে এবং সাব-ইনস্পেক্টর সুকুমার রুইদাসের নাম উঠে আসে। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় কয়েকজন পুলিশকর্মী বিশ্বজিৎ পালকে মারধর করে গাড়িতে তোলার চেষ্টা করছেন। ঘটনাস্থলে আইসি সমর দে’কেও দেখা যায় বলে দাবি। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের ফল প্রকাশের পর বিভিন্ন এলাকায় ভাঙচুরের অভিযোগ তোলে তৃণমূল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপরই বিশ্বজিৎ পালের উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
বিশ্বজিৎ পালের দাবি, ঘটনার দিন রাস্তায় তাঁকে দেখতে পেয়েই পুলিশ বিনা প্ররোচনায় মারধর শুরু করে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার। এরপর পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। তদন্ত চলাকালীনই বারুইপুর থানার আইসি সমর দে এবং সাব-ইনস্পেক্টর সুকুমার রুইদাসকে সাসপেন্ড করা হল।
❤ Support Us





