- দে । শ
- জুন ২৬, ২০২৬
জেলা কার্যালয়ের সামনে দলের জেলা সহ সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মীদের
জেলা কার্যালয়ের সামনে দলের জেলা সহ সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মীদের বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে সরব দলেরই একাংশ। বসিরহাট জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভে শামিল দলীয় সমর্থকরা।
এদিন, দলের সাংগঠনিক জেলার সহ–সভাপতি রাজেন্দ্র সাহা ওরফে সোমুর বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে জেলা কার্যালয়ের সামনেই বিক্ষোভ দেখালেন কর্মী–সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পর রাজেন্দ্র সাহা এলাকায় নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন অসাধু কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তাদের দাবি, এলাকার মেছোঘেড়ির মালিক, ব্যবসায়ী এমনকি রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদেরও বিভিন্নভাবে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের কাছে বিজেপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং দলের কর্মীদেরও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মীদের দাবি, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রাজেন্দ্র সাহার এক আত্মীয়কে বিপুল পরিমাণ টাকা গুনতে দেখা যাচ্ছে। সেই ভিডিওকে কেন্দ্র করেও এলাকায় নানা প্রশ্ন উঠেছে। বিক্ষোভকারীদের দাবি, মাছ চাষ ও ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির কাছ থেকেও মোটা অঙ্কের টাকা আদায় করা হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে বহুবার বিজেপির জেলাসভাপতি সুকল্যাণ বৈদ্যের কাছে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা জেলা কার্যালয়ের সামনে আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তাদের দাবি, রাজেন্দ্র সাহার বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিন বিক্ষোভ চলাকালীন কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দলের নেতৃত্বের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান। বিক্ষোভকারীদের বক্তব্য, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে বিজেপি সরকারে এসেছে। নতুন সরকারে কাছে মানুষের প্রত্যাশা অনেক। সাধারণ মানুষ যাতে বিজেপিকে তৃণমূলের একাসনের বসাতে না পারে তা নেতৃত্বের দেখা উচিত। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই রাজেন্দ্র সাহা বা বিজেপি জেলা নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
❤ Support Us






