- দে । শ
- এপ্রিল ২০, ২০২৩
দিল্লির সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর মাদক বিরোধী বার্তা, স্বাধীনতার শতবর্ষের মধ্যে মাদক শূণ্য ভারত গড়ার লক্ষ্যে এক্যবদ্ধ সংকল্প জরুরি
মাদকের বিরুদ্ধে ১৩০ কোটি ভারতীয় নাগরিক একসঙ্গে লড়াই করলে সাফল্য মিলবেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য হল ২০৪৭ সালে দেশের স্বাধীনতার শতবর্ষে ভারতকে মাদকমুক্ত করা। একথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দিল্লিতে মাদক বিরোধী টাস্ক ফোর্সের কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, যাঁরা মাদক সেবন করেন তাঁরা অপরাধী নন, তাঁরা আসলে আক্রান্ত। সর্বনাশা মাদকের শিকার যে সমস্ত মানুষ তাঁদের পুনর্বাসন দরকার।
শাহ সতর্ক করে বলেছেন, সন্ত্রাসীরা মাদক ব্যবসা করছে। সন্ত্রাসী সংগঠনগুলি এভাবে টাকাপয়সা উপার্জন করছে। ব্যাপারটা স্বভাবতই দেশের অর্থনীতি এবং নিরাপত্তার পক্ষে ক্ষতিকর। দেশের অর্থনীতিতে নার্কো-টেররিজমের প্রভাব অত্যন্ত নেতিবাচক।
কনফারেন্সে কেন্দ্রীয় সরকারের মাদক বিরোধী অবস্থান সম্পর্কে বলার পাশাপাশি শাহ এও বলেছেন, একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, যাঁরা মাদক সেবন করেন তাঁরা মাদকাসক্তির ফাঁদে পড়েছেন। আর যারা মাদক কারবারের সঙ্গে যুক্ত তারাই প্রকৃত অপরাধী। এই তফাতটা মনে রাখতে হবে। এক্ষেত্রে কোনও ভুল হলে চলবে না। পুনর্বাসন পেতে মাদকাসক্তদের সহায়তা করুন।
শাহর নির্দেশ, মাদক ব্যবসার নেপথ্যে কাদের হাত রয়েছে, তাও খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। মাদক পাচার বন্ধ করাই জরুরি কাজ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মাদকের নেশার প্রভাবে দেশের যুব সম্প্রদায়ের গুরুতর ক্ষতি হচ্ছে। মাদক পাচারকারীরা সীমান্তপথে মাদক চোরাচালান করছেন, যা নিরাপত্তাভঙ্গও করছে। সীমান্ত এলাকাগুলি দিয়ে যাতে মাদক ভারতে ঢুকতে না পারে, এজন্য দেশের সমস্ত নাগরিককে একত্রে লড়াই করার কথা বলেন শাহ। মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।
❤ Support Us





