Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৫, ২০২৬

বেলেঘাটায় অবৈধ নির্মাণে পুর বুলডোজার, প্রোমোটার ঘনিষ্ঠকে ঘিরে বিক্ষোভ ও মারধরের অভিযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
বেলেঘাটায় অবৈধ নির্মাণে পুর বুলডোজার, প্রোমোটার ঘনিষ্ঠকে ঘিরে বিক্ষোভ ও মারধরের অভিযোগ

বেলেঘাটায় তৃণমূল নেতা ও প্রোমোটার রাজু নস্করের নির্মীয়মাণ ও নির্মিত একাধিক বহুতল ঘিরে বড়সড় বিতর্ক ও উত্তেজনা ছড়িয়েছে। কলকাতা পুরসভার নোটিসের ভিত্তিতে অবৈধ নির্মাণের অভিযোগে এলাকায় বুলডোজার অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। ইস্ট কুলিয়া রোডের একটি নির্মীয়মাণ বহুতল ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে।

পুরসভার তরফে রাজু নস্করের ৩৭ নম্বর বারোয়ারিতলা রোড এবং ১-ই ইস্ট কুলিয়া রোডের দুটি টাওয়ারের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছিল। ওই প্রকল্পগুলিতে মোট ১৬টি ফ্ল্যাট ছিল। নোটিসের পর থেকেই ফ্ল্যাট ক্রেতা ও বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।

অভিযোগ, বহু ফ্ল্যাট কেনার পরও ক্রেতারা প্রয়োজনীয় এগ্রিমেন্ট পেপার ও বিল্ডিং প্ল্যান পাননি। সোমবার নির্ধারিত কাগজপত্র দেওয়ার কথা থাকলেও রাজুর অফিস বন্ধ পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ কিছু বাসিন্দা ও ক্রেতা ইস্ট কুলিয়া রোডে রাজুর অফিসে যান। সেখানে এক যুবককে দেখে তাঁরা ‘রাজুর লোক’ বলে সন্দেহ করে ঘিরে ধরে মারধর করেন বলে অভিযোগ। স্থানীয় পপি দে-র দাবি, ওই ব্যক্তি রাজুর ঘনিষ্ঠ ও তথ্য সরবরাহ করতেন, এবং দীর্ঘদিন ধরে তাঁদের হুমকি দিচ্ছিলেন।

ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পরে আক্রান্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়। স্থানীয়দের একাংশের দাবি, প্রকল্পগুলির অনুমোদন ও নথিপত্র নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল পুরসভা। গত সেপ্টেম্বরেই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা যায়। কিন্তু তা সত্ত্বেও নির্মাণ চলতে থাকায় এখন এই বিপত্তি তৈরি হয়েছে।

এদিকে জমির মালিক দুই বয়স্ক ও অসুস্থ ব্যক্তি বলেও জানা গিয়েছে, যার ফলে পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট ক্রেতাদের একাংশ বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করতে যান। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে বেলেঘাটায় এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধরের ঘটনায় রাজু নস্করের নাম জড়িয়েছিল এবং সেই সময় তাঁকে গ্রেফতারও করেছিল পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!