- দে । শ
- এপ্রিল ৭, ২০২৬
রাজনৈতিক দলের মিছিল আটকালো পুলিশ। কড়া নিরাপত্তায় বসিরহাটে মনোনয়ন পেশ
বসিরহাট মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পত্র দাখিলের তৃতীয় দিনে বিজেপির ৮ জন প্রার্থী ও তৃণমূলের ৩ প্রার্থী মনোনয়ন পেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা যেমন ছিল তেমনি প্রার্থীদের অনুগামীরাও ভিড় করেছিলেন। রাজনৈতিক দলের কর্মীদের মহকুমা শাসকের দফতরের কাছে ঘেঁসতে দেওয়া হয়নি। প্রার্থীদের সঙ্গে আসা মিছিল আগেই আটকে দেয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। ভ্যাবলা হাইস্কুল মাঠ থেকে মহকুমার ৮ বিজেপি প্রার্থী মিছিল করে মনোনয়ন পেশ করতে আসেন। ডিজে , ব্যান্ড পার্টি, ঢাক নিয়ে মিছিল করে বিজেপি। জেলখানা মোড়ে বিজেপি সমর্থকের মিছিল আটকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে বসিরহাটের দেবদূত সঙ্ঘের মাঠ থেকে মিছিল করে বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র (বাদল) মনোনয়ন পেশ করতে আসেন।
সুরজিতের সঙ্গে ছিলেন ২ প্রাক্তন বিধায়ক ফুটবলার দীপেন্দু বিশ্বাস, ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি , শাহানুর মণ্ডল প্রমুখ তৃণমূলের অন্যদের মধ্যে মনোনয়ন পেশ করেন হিঙ্গলগঞ্জের আনন্দ সরকার, স্বরূপনগর কেন্দ্রের বীনা মণ্ডল। বিজেপি তরফে এদিন হিঙ্গলগঞ্জ কেন্দ্রে রেখা পাত্র, বসিরহাট দক্ষিণে শৌর্য ব্যানার্জি, বসিরহাট উত্তরে কৌশিক সিদ্ধার্থ, বাদুড়িয়ার সুকৃতি সরকার, সন্দেশখালির সনৎ সর্দার মনোনয়ন পেশ করেন। সন্দেশখালি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী যুধিষ্ঠির ভূমিজ মনোনয়ন জমা দিয়েছে। মনোনয়ন পেশের তৃতীয় দিনে বসিরহাট শহরে ব্যপক যানজট তৈরি হয়। বাস, অটোর রুট ঘুরিয়ে দেওয়া হয়।
অন্যদিকে দুপুরে খাওয়ানোর কথা বলে বিজেপি গাড়ি করে লোক এনেছিল। আলাদা একটি গাড়িতে রাখা ছিল খাবারের প্যাকেট, জলের বোতল। কিন্তু গোল বাঁধলো সেগুলি বিতরণ করতে গিয়ে। সে এক হুলুস্তুল কান্ড। কাড়াকাড়ি পড়ে যায় খাবার নিয়ে। শেষে খাবারের গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। অনেকেই খাবার না পেয়ে ক্ষোভে ফুঁসতে থাকেন। খাবার কম পড়ায় অনেকে খাবার না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন।
❤ Support Us





