- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৩, ২০২৫
২০২৬ এর বিধানসভায় ভোট দিতে পারবেন সিএএ আবেদনকারীরা ? আশঙ্কায় বঙ্গ বিজেপি, রুদ্ধদার বৈঠক সুকান্ত-শুভেন্দুর
সিএএ-তে (নাগরিকত্ব সংশোধনী আইন) আবেদনকারীরা আদৌ ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে এবার প্রশ্ন তুললেন খোদ বিজেপিরই এক বিধায়ক। সূত্রের খবর, গত বুধবার (১২ অক্টোবর, ২০২৫) বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বালুরঘাটের সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এক বৈঠকে এই প্রসঙ্গ উঠে আসে।
জানা গিয়েছে, উত্তরবঙ্গের ওই বিজেপি বিধায়ক বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বলেন, “CAA-তে যাঁরা আবেদন করছেন, তাঁরা এখন বিজেপির ক্যাম্পে আসছেন। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন তো ?”
তিনি আরও সতর্ক করে জানান, “যাঁরা আবেদন করেছেন তাঁরা যদি ভোটই দিতে না পারেন, তাহলে শুধু ভোটে জেতাই নয়, এলাকায় ঢোকাও কঠিন হয়ে পড়বে বিজেপি বিধায়কদের জন্য।”
এই মন্তব্যে দলের শীর্ষ নেতৃত্বের কপালে ভাঁজ পড়লেও, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার তাঁকে আশ্বস্ত করেন যে, বিষয়টি সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্ব সম্পূর্ণ অবহিত এবং দ্রুত সমাধানের পথে পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখযোগ্যভাবে, বিজেপি বিধায়কের এই আশঙ্কা নতুন নয়। এর আগেও ‘আত্মদীপ’ নামে একটি সংস্থা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে দাবি জানিয়েছিল— সিএএ আবেদনের রসিদ যেন এসআইআর (State Identification Register)-এ বৈধ নথি হিসেবে বিবেচিত হয়, যাতে আবেদনকারীরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন।
তবে, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলা খারিজ করে জানায়, সকল আবেদনকারীর ক্ষেত্রে একযোগে নির্দেশ দেওয়া সম্ভব নয়, প্রতিটি মামলা আলাদাভাবে বিবেচনা করতে হবে।
এই প্রেক্ষাপটেই এখন বিজেপি শিবিরে নতুন করে প্রশ্ন উঠছে, সিএএ-র আবেদনের পর নাগরিকত্ব ও ভোটাধিকার, দুইয়ের মধ্যে সেতুবন্ধন কবে হবে ?
❤ Support Us






