Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ২২, ২০২৩

শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় পশ্চিম বঙ্গ এখন গুরুত্বপূর্ণ হাব, বললেন মুখ্যমন্ত্রী । শিক্ষাক্ষেত্রে ১৩টি নতুন মউ স্বাক্ষর

আরম্ভ ওয়েব ডেস্ক
শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় পশ্চিম বঙ্গ এখন গুরুত্বপূর্ণ হাব, বললেন মুখ্যমন্ত্রী । শিক্ষাক্ষেত্রে ১৩টি নতুন মউ স্বাক্ষর

রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশাপাশি বেসরকারি ও বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সমন্বয়সাধন করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নতিতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলা।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বলেছেন, “পশ্চিমবঙ্গ এখন শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার হাব।” মুখ্যমন্ত্রী তাঁর এই বক্তব্যের মধ্যদিয়ে শিল্পপতিদের যে বার্তাটা দিতে চেয়েছেন তা হল, এই রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে এখন বেসরকারি ও বিদেশি সংস্থা বিনিয়োগ করলে তাদের লাভই হবে। পাশাপাশি সরকারি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি বেসরকারি ও বিদেশি প্রতিষ্ঠান এই দুই ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগ করলে রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন হবে।

বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট ১৮৮ টি মউ স্বাক্ষরিত হয়। এর মধ্যে ১৩টি মউ স্বাক্ষরিত হয়েছে শিক্ষা ক্ষেত্রে। দেশের এবং বিদেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বুধবার কল্যাণী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স-এর মউ স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে স্নাতক স্তরের গবেষণা ও শিক্ষক বিনিময় হবে।

টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে মালয়েশিয়ার জেন মিরাল এডুকেশন গ্রুপের। জেআইএস গ্রুপের সঙ্গে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে মউ স্বাক্ষর হয়েছে। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্দোনেশিয়ার ইসলাম ইউনিভার্সিটির মউ স্বাক্ষর হয়েছে। সিকম স্কিল ইউনিভার্সিটির সঙ্গে অটোমোটিভ স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল এবং আইএসওএএইচ ডেটা সিকিওরিটি প্রাইভেট লিমিটেডের মউ স্বাক্ষর হয়েছে। এছাড়াও অ্যাডামাস ইউনিভার্সিটির সঙ্গে এআরইউ কেমব্রিজের মউ স্বাক্ষরিত হয়েছে। ইউনিসেফের সঙ্গে উচশিক্ষা ও স্কুলশিক্ষার মউ চুক্তি হয়েছে। কলকাতার কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের সঙ্গে রাজ্য সরকারের মউ চুক্তি স্বাক্ষরিত হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!