Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৭, ২০২৬

আগামী কয়েকদিনে রাজ্যে দুর্দম কালবৈশাখীর পূর্বাভাস, সতর্কতা জারি

আরম্ভ ওয়েব ডেস্ক
আগামী কয়েকদিনে রাজ্যে দুর্দম কালবৈশাখীর পূর্বাভাস, সতর্কতা জারি

দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর দাপটের আশঙ্কা। কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্রই ঝড়বৃষ্টি চলবে আগামী কয়েকদিন, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফলে গোটা রাজ্যজুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার ইঙ্গিত মিলেছে।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার ও শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শহর ও শহরতলিতে। বৃষ্টি ও ঝড়ের দাপট দেখা যেতে পারে হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কা। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টির পরিস্থিতি টানা রবিবার পর্যন্ত বজায় থাকতে পারে বলে পূর্বাভাস। ফলে সপ্তাহান্তজুড়ে দক্ষিণবঙ্গ কার্যত কালবৈশাখীর প্রভাবে নাজেহাল হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রার ক্ষেত্রেও বড়সড় ওঠানামার ইঙ্গিত মিলেছে। আগামী দু’দিনে পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও তার পরের দু-দিনে আবার নামবে।  এরপর আবারও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে আবহাওয়ার এই অস্থির চরিত্র আরও কয়েকদিন বজায় থাকবে বলেই অনুমান।

উত্তরবঙ্গেও পরিস্থিতি উদ্বেগজনক। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত। আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্র এলাকায় আপাতত কোনো বিশেষ সতর্কতা নেই। তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় রাজ্যজুড়ে বজ্রগর্ভ মেঘের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তার ফলেই দফায় দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার শহর কলকাতাতেও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যায়। একাধিক এলাকায় জল জমে যায় এবং যান চলাচলেও কিছুটা প্রভাব পড়ে। এমনকি আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণেও সাময়িক বাধা সৃষ্টি হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। আবহাওয়াবিদদের একাংশের মতে, এই ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া একেবারেই অস্থির থাকবে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও বজ্রঝড়, আবার কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সপ্তাহান্ত পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকার ইঙ্গিতই দিচ্ছে হাওয়া অফিস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!