- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২২, ২০২৬
মুক্তিপণের ফোনের পরই রহস্যমৃত্যু! অন্ধ্রপ্রদেশে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ পরিবারের
অন্ধ্রপ্রদেশে ফের একবার বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকার যুবক মঞ্জুর আলম লস্কর (৩২)-এর মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পরিবারের অভিযোগ, মুক্তিপণের দাবি করে ফোন করার পরই তাঁকে খুন করা হয়েছে। এমনকি বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারার অভিযোগও তুলেছেন মৃতের পরিবার।
মঞ্জুর আলম লস্কর রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তিনি অন্ধ্রপ্রদেশের কোমারুল এলাকায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মাঝেমধ্যেই ছুটিতে বাড়ি আসতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে তিনি বাড়ি এসেছিলেন এবং প্রায় ২০ দিন আগে ফের কর্মস্থলে ফিরে যান। পরিবারের অভিযোগ, মুক্তিপণ দাবি করে ফোন করার পরই তাঁকে খুন করা হয়েছে। মৃতের দাদার অভিযোগ, বাংলাদেশি সন্দেহে দুষ্কৃতীরা তাঁকে পিটিয়ে হত্যা করেছে।
পরিবারের দাবি, মঙ্গলবার রাতের দিকে বাড়িতে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং বলা হয়, টাকা না দিলে মঞ্জুরকে খুন করা হবে। চরম আতঙ্কে পড়ে মঞ্জুরের স্ত্রী ওই নম্বরে ৬ হাজার টাকা পাঠান। তাতেও রেহায় মেলেনি। পরের দিন বুধবার একই নম্বর থেকে ফোন করে জানানো হয়, মঞ্জুর মারা গেছেন। এ খবরে আতঙ্কিত পরিবারের উপর নেমে আসে শোকের ছায়া। মৃতের দাদা গিয়াসউদ্দিন লস্কর, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, জানান, ‘বাংলাদেশি সন্দেহে দুষ্কৃতীরা তাঁকে পিটিয়ে হত্যা করেছে। পরিকল্পিতভাবেই টাকা আদায়ের জন্য এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’ পরিবারের দাবি, মঞ্জুর ছিলেন একমাত্র রোজগেরে, তাঁর মৃত্যু পরিবারকে সম্পূর্ণভাবে আর্থিক ও মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছে। তাঁর স্ত্রী এবং দুই কন্যা সন্তান এখন শোকস্তব্ধ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। ইতিমধ্যেই মৃতদেহ বাংলায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্ধ্রপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই মৃতের পরিবারের লিখিত অভিযোগ পেয়েছে। মঞ্জুর আলম লস্করের মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, প্রশ্ন তুলেছে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা, মানসিক চাপ এবং আর্থিক ঝুঁকি নিয়ে। উল্লেখ্য, শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, মালদহ থেকেও বাংলার পরিযায়ী শ্রমিকদের রহস্যমৃত্যুর খবর আসছে। চেন্নাইতে মৃত মালদার পরিযায়ী শ্রমিক আলমগীর আলম (২৯), ৮ দিন নিখোঁজ থাকার পর রেল লাইনের ধারে ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাঁকেও খুন করা হয়েছে। আলমগীরের স্ত্রী এবং দুই সন্তান এখন প্রবল অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
❤ Support Us






