Advertisement
  • দে । শ
  • মার্চ ৩০, ২০২৬

শিলিগুড়িতে নকল মদের চক্র, আবগারি অভিযানে ৬৩ লক্ষ টাকার কাঁচামাল উদ্ধার

আরম্ভ ওয়েব ডেস্ক
শিলিগুড়িতে নকল মদের চক্র, আবগারি অভিযানে ৬৩ লক্ষ টাকার কাঁচামাল উদ্ধার

ভোটের মুখে বড়সড় নকল মদ তৈরির পরিকল্পনার ইঙ্গিত মিলল শিলিগুড়িতে। আবগারি দফতরের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জাম, যার মোট মূল্য প্রায় ৬২ লক্ষ ৪০ হাজার টাকা। গোটা ঘটনাকে ঘিরে উদ্বিগ্ন নির্বাচন কমিশন ইতিমধ্যেই বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।

২৭ মার্চ শিলিগুড়ি থেকে ১৫৬০ লিটার ওপি স্পিরিট উদ্ধার করা হয়, যা সাধারণত নকল মদ তৈরির অন্যতম প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আসন্ন নির্বাচনের আগে ভোটারদের প্রলুব্ধ করতে এই নকল মদ বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুই নামী মদ প্রস্তুতকারক সংস্থার বিপুল সংখ্যক নকল লেবেল—একটি সংস্থার ১৩,৮৮৪টি এবং অন্যটির ৩,২৮৬টি। এছাড়াও পাওয়া গেছে ৯৮৪টি নকল হোলোগ্রাম, ৪৪০টি বোতলের ঢাকনা এবং ৩৫টি খালি প্লাস্টিক বোতল। আবগারি দফতরের রিপোর্ট অনুযায়ী, এগুলি সবই নকল মদ প্রস্তুতের কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

পরিকল্পনা ছিল, স্পিরিট দিয়ে মদ তৈরি করে তা বোতলে ভরে নকল লেবেল ও হোলোগ্রাম লাগিয়ে বাজারে ব্র্যান্ডেড মদ হিসেবে বিক্রি করা হবে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে এই চক্রের পরিকল্পনা ভেস্তে দেয় আবগারি দফতর।

কমিশন সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে কোনও বৈধ বাজারচলতি মদ উদ্ধার হয়নি, বরং সমস্ত সামগ্রীই নকল মদ তৈরির উপকরণ। এই ধরনের কার্যকলাপ শুধু অবৈধভাবে ভোট কেনার চেষ্টা নয়, বরং জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক বিপজ্জনক। নকল মদ সেবনে অসুস্থতা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ হবে ৪ মে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রতিটি কেন্দ্রে পর্যবেক্ষক নিয়োগ করেছে। তবুও এই ধরনের ঘটনায় উদ্বেগ বাড়ছে, ফলে নজরদারি আরও জোরদার করার প্রস্তুতি শুরু হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!