- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ২, ২০২৩
মুখ্যমন্ত্রীর নির্দেশে বালেশ্বরে রওনা হল বিশেষ টিম। করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কা মালগাড়িতে, লাইনচ্যুত অধিকাংশ কামরা, দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা
ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে ওড়িশার বালেশ্বরের কাছে, দুর্ঘটনায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। হাওড়ার শালিমার স্টেশন থেকে শুক্রবার দুপুর ৩টে ১৫ নাগাদ ট্রেনটি ছাড়ে। ট্রেনটির একাধিক কামরা বেলাইন হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে ওই ট্রেনের যাত্রী ও স্থানীয় মানুষ জানাচ্ছেন কম করে এখনও পর্যন্ত অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে।
মালগাড়ির পেছনে করমন্ডল এক্সপ্রেস ধাক্কা মারলে মালগাড়ির উপর করমণ্ডল এক্সপ্রেসটির ইঞ্জিন সহ চারটে বগি উঠে যায়। পাশের খালে পড়ে যায় চারটির বেশি বগি। বালেশ্বর হাসপাতালে রাত ৯টায় পাওয়া খবর পর্যন্ত ৪৭ জনকে ভর্তি করা হয়েছে। রাত ৯টা পর্যন্ত পাওয়া খবরে ৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় মানুষ বলছেন মৃতের সংখ্যা ২০০ র বেশি, জেনারেল কম্পার্টমেন্ট সবচেয়ে ক্ষতিগ্রস্থ, এখানেই বেশির ভাগ মানুষ মারা গেছেন।
জানা গিয়েছে, দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সওয়া ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালেশ্বরে। বালেশ্বর থেথে ২৫ কিলোমিটার দূরবর্তী বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি করমণ্ডল এক্সপ্রেস।
স্থানীয় মানুষ প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। রেলের উদ্ধারকারী দল অনেক দেরিতে আসে। এদিকে শালিমার-পুরি সাপ্তাহিক এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, করমণ্ডল এক্সপ্রেস ধাক্কা মারে একটি মালগাড়িতে। এর ফলে করমণ্ডল এক্সপ্রেসের প্রথম তিনটি কামরা বাদে সবক’টি কামরাই লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপর উঠে গিয়েছে।
সিগনালে ত্রুটি না কি চালকের ভুল— কিসের জেরে এত যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ল করমণ্ডল এক্সপ্রেস, তা জানার চেষ্টা চলছে।
রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী জানান, “রাজ্যের তরফে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বালেশ্বর সূত্রে যা খবর পাচ্ছি তাতে বড় দুর্ঘটনা ঘটেছে, অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে, তবে সঠিক সংখ্যাটা বলতে পারব না, সেই তথ্য পাইনি। আমরা আমাদের তরফে সমস্তভাবে প্রস্তুত। মন্ত্রী মানস ভুঁঞার নেতৃত্বে একটি দল আমরা ঘটনাস্থলে পাঠাচ্ছি।” ইতিমধ্যেই এবিষয়ে একটি টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
Shocked to know that the Shalimar- Coromondel express, carrying passengers from West Bengal, collided with a goods train near Balasore today evening and some of our outbound people have been seriously affected/ injured. We are coordinating with Odisha government and South…
— Mamata Banerjee (@MamataOfficial) June 2, 2023
ওড়িশার মুখ্যসচিব বলেন, আমরা উদ্ধারকারী দল পাঠিয়েছি। বালেশ্বর হাসপাতাল ও আরও একটি হাসপাতাল বিপর্যস্ত মানুষের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
❤ Support Us






