- দে । শ
- জুন ১৬, ২০২৫
বাংলার বৃহৎ রক্তদান শিবির বর্ধমানে
গরমের দহন যত বাড়ছে, ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল বেড়েই চলেছে। এই অবস্থায় মুশকিল আসান হয়ে দাঁড়ালেন ‘বাবুদা’। কেতাবি নাম শেখ আশরাফউদ্দিন হলে কী হবে, বর্ধমানের আমজনতা তাঁকে ‘বাবুদা’ নামেই চেনে, জানে। বছরে দুবার রক্তদান শিবিরের আয়োজনের পাশাপাশি গরিবের চিকিৎসার সাহায্যে দরাজ হস্ত ‘বাবুদা’। তবে সোমবার সম্ভবত বাংলার সবথেকে বড় রক্তদান শিবিরটির আয়োজন করলেন এই সমাজকর্মী।
বর্ধমান শহরের টাউন হল চত্বরে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন সবমিলিয়ে ৮০০ জন। ৪টি ব্লাড ব্যাঙ্কের তরফে রক্ত সংগ্রহ করা হল।
রক্তদাতাদের উৎসাহ জোগাতে হাজির ছিলেন সাংসদ কীর্তি আজাদ, বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি ও খোকন দাস, পুরপ্রধান পরেশচন্দ্র সরকার-সহ বহু বিশিষ্ট। প্রধান উদ্যোক্তা ‘বাবুদা’র প্রশংসায় পঞ্চমুখ সাংসদ কীর্তি বলেন, ‘সংগৃহীত রক্ত কোনও হিন্দুর নয়, কোনও মুসলমানের নয়, মানুষের। তাই বাবুদা ধারাবাহিকভাবে যে মেগা রক্তদান শিবির করে চলেছেন, তারজন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’ আর বাবুদা’র কথায়, ‘এটা সমবেত প্রচেষ্টার ফসল। আমি সবাইকে বলি বছরে একটা দিন আমাকে দিন। মানে রক্ত দিয়ে যান। বাকি ৩৬৪ দিন আমি আপনার রক্তের প্রয়োজন-সহ চিকিৎসা সংক্রান্ত যেকোনও সমস্যা মেটানোর আপ্রাণ চেষ্টা করব।’ জীবনে প্রথমবার রক্ত দেওয়া সুমন পাঁজা নামে এক যুবকের উপলব্ধি, ‘এতবড় একটা মানবিক উদ্যোগের অঙ্গ হতে পেরে খুব গর্ব হচ্ছে।’
❤ Support Us





