- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ২৯, ২০২৬
বৃষ্টি, ইভিএম-বিভ্রাট, শাসক-বিরোধী বাদনুবাদের মাঝেই ভোট দিচ্ছেন মানুষ
বঙ্গ ভোটের দ্বিতীয় দফা, চার ঘণ্টায় ভোট পড়ল প্রায় ৪০ শতাংশ । অনেক জায়গায় বৃষ্টি উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছেন । শেষ দফার ভোটে কোথাও কোথাও বিক্ষিপ্ত উত্তেজনা হচ্ছে । অশান্তি নানা জায়গায় । কারণ, শাসক-বিরোধী বাদদনুবাদ, ইভিএম-বিভ্রাট !
বালি বিধানসভা কেন্দ্রের ডন বসকো, লিলুয়া সোহনলাল বিদ্যালয়ে ইভিএম খারাপ হওয়ার ভোটাররা উত্তেজিত হয়ে পড়েন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে । জখম হয়েছেন তৃণমূল এজেন্ট । দু’জনকে আটক করা হয়েছে । ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী । উত্তর ২৪ পরগনার শাসনে ভোট দিতে না দেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় তৃণমূল কর্মীদের তাড়া করে গ্রামছাড়া করলেন আইএসএফ কর্মীরা ! ভোটের আবহে ভাঙড় বিধানসভার সাঁইহাটি এলাকায় সকালে উত্তেজনা ছড়ায় । অভিযোগ, এলাকায় পৌঁছোতেই আইএসএফ চেয়ারম্যান, ভাঙড়ের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা । বিদায়ী বিধায়ককে দেখেই স্লোগান দিতে থাকেন তাঁরা । পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । ক্ষোভে ফেটে পড়েন নওশাদ । তাঁর দাবি, শান্তিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীরা ইচ্ছাকৃত ভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছেন । যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় বড় কোনও সংঘর্ষের খবর পাওয়া যায়নি । এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বাহিনী ।
বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ ! ভাঙচুর চালানো হল বিজেপি প্রার্থীর গাড়িতে । বাসন্তী ৭৬ নম্বর বুথে এই ঘটনা ঘটে । বিজেপি প্রার্থী বিকাশ সর্দার যখন বুথ পরিদর্শনে যান, তখন অতর্কিতে তাঁর উপর হামলা চালানো হয় । ভেঙে দেওয়া হয় তাঁর গাড়ি । তাঁর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় । কেন্দ্রীয় বাহিনী থাকলেও তারা উদ্ধারকাজে এগিয়ে আসেনি বলেও বিজেপি প্রার্থীর অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।
ভুয়ো এজেন্ট বসানোকে কেন্দ্র করে উত্তেজনা হয় হুগলির খানাকুলের রাজহাটি-১ পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ১৪৭ নম্বর বুথে । বুথের সামনেই আইএসএফ-তৃণমূল হাতাহাতি হয় । আইএসএফের অভিযোগ, তাদের পোলিং এজেন্টের ফর্ম নকল করে তৃণমূল তাদের এজেন্ট বসিয়ে দিয়েছে । তাদের এজেন্টকে রাত থেকে ভয় দেখিয়ে বুথে আসতে দেওয়া হয়নি বলেও অভিযোগ । ঘটনার খবর পেয়েই খানাকুলের আইএসএফের প্রার্থী বুথে গিয়ে ওই এজেন্টকে বার করে দেন ।
তারকেশ্বর বিধানসভা দশঘড়া-২ পঞ্চায়েতের ৯০ বুথে তৃণমূল সদস্য অরূপ ঘোষ ভোটারদের প্রভাবিত করছিলেন বলে অভিযোগ । নকল ইভিএম নিয়ে ক্যাম্পে বসে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলে বিজেপি । ঘটনাস্থলে পুলিশ । এদিকে জেলা পরিষদের সদস্যার স্বামী এবং তৃণমূল নেতা মতিউর রহমানকে আটক করল দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার পুলিশ । অভিযোগ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন মতিউর। গড়দেয়ানি এলাকা থেকে তাঁকে আটক করা হয় ।
ফলতার ইভিএমে বিজেপির প্রতীকে সাদা টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ । পুনর্নির্বাচনের দাবি তুলল বিজেপি । এই বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার অভিযোগ খতিয়ে দেখতে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ।
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে রাইগ্রামের বুথে ভিভিপ্যাট সমস্যা খতিয়ে দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হয় সিপিএমের নির্বাচনী এজেন্টকে । হুগলির গোঘাট বিধানসভায় ৬২ নম্বর বুথে ভোট শুরুর আগেই বিকল হয়ে যায় ভিভিপ্যাট মেশিন । এর ফলে যথাসময়ে ভোট শুরু করা সম্ভব হয়নি । দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে অসুস্থ বোধ করেন । ভোটের দিন উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভায় । কেতুগ্রাম বিধানসভার বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথ থেকে কিছুটা দূরেই উদ্ধার ছয়টি তাজা বোমা ।
❤ Support Us





