- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৭, ২০২৬
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ গেল প্রায় ৯১ লক্ষ নাম, কমিশন প্রকাশ করল বিস্তারিত পরিসংখ্যান
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন জেলা অনুযায়ী ডিলিটেড বা বাদ পড়া নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে। মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছিল। এর মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাতিল করা হয়েছে, যা মোটের প্রায় ৪৫.২২ শতাংশ। অন্যদিকে, ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছিল। সব মিলিয়ে বর্তমানে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫। কমিশন জানিয়েছে, বিবেচনাধীন তালিকার ৬০ লক্ষের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের তথ্য প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জনের তথ্যের প্রক্রিয়া সম্পূর্ণ হলেও ই-স্বাক্ষর বাকি রয়েছে, যা সম্পন্ন হলে তালিকায় আরও কিছু পরিবর্তন হতে পারে বা নতুন নাম তালিকায় সংযুক্ত হতে পারে।
বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় প্রথমে বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। পরে ফেব্রুয়ারির তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন বাদ যায়। সংশোধনের পর বর্তমানে ভোটার তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে।
জেলা ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে মোট ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯ জন ভোটারের নাম বাদ গেছে। উত্তর ২৪ পরগনায় বাদ পড়েছে মোট ১২ লক্ষ ৬০ হাজার ৯৬ জনের নাম। মালদহ জেলায় মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০।
কলকাতা দক্ষিণে মোট ২ লক্ষ ৪৯ হাজার ৬১৯ জন এবং কলকাতা উত্তরে ৪ লক্ষ ৪৭ হাজার ৪৭৫ জন ভোটারের নাম বাদ গেছে। পূর্ব মেদিনীপুর জেলায় বাদ পড়া নামের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ৩৪৫। এই বৃহৎ সংশোধন প্রক্রিয়ার ফলে রাজ্যের ভোটার তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, যা আসন্ন নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে।
❤ Support Us







