- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৪, ২০২৫
বেঙ্গালুরুতে যৌন অত্যাচারের শিকার বাংলার তরুণী, গ্রেফতার ৩
ভিন রাজ্যে আবার নির্যাতনের শিকার বাঙালি তরুণী। এবার বেঙ্গালুরুতে যৌন অত্যাচারের শিকার হলেন এই রাজ্যের এক তরুণী। মঙ্গলবার মধ্যরাতে এই গণধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করেছে বেঙ্গালুরু পুলিশ।
কর্মসূত্রে বেঙ্গালুরুতে একটা ভাড়াবাড়িতে থাকেন ২৭ বছরের নির্যাতিতা ওই বাঙালি তরুণী। তিনি একটা বিউটি পার্লারে কাজ করার পাশাপাশি বিয়ের কনে সাজানোর কাজও করেন। মঙ্গলবার মধ্যরাতে তাঁর গঙ্গোনদনহল্লির ভাড়া বাড়িতে ৬ জন দুষ্কৃতী চড়াও হয়। ওই তরুণীর ওপর শারীরিক নির্যাতন ছাড়াও তাঁর দুটি মোবাইল ফোন ও ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ঘটনার দিন দুপুরে তরুণীর মোবাইলে একটা ফোন এসেছিল। তাঁকে বলা হয়েছিল, তিনি নাকি বাড়িতে দেহব্যবসা ও গাঁজার ব্যবসা চালাচ্ছেন। ওই রাতেই পুলিশের ‘ইনফর্মার’ হিসেবে পরিচয় দিয়ে জানায়, রাতে বাড়িতে তল্লাশি চালানো হবে। এরপর মঙ্গলবার রাত ১০টা নাগাদ ৬ জন দুষ্কৃতী দুটি মোটরবাইকে করে এসে ওই নির্যাতিতার ভাড়াবাড়িতে ঢুকে পড়ে। তারা নিজেদের পুলিশের ‘ইনফর্মার’ হিসেবে পরিচয় দেয়। সেই সময় বাড়িতে নির্যাতিতা ছাড়াও আরও একজন মহিলা ও নির্যাতিতার দুজন পুরুষ আত্মীয় ছিলেন। দুজন শিশুও ছিল।
দুষ্কৃতীরা ওই তরুণীকে বলে তিনি ও তাঁর আত্মীয়রা এই ভাড়াবাড়িতে দেহব্যবসা ও গাজার ব্যবসা চালান। এরপর তরুণীর কাছ থেকে তারা এক লক্ষ টাকা ঘুষ চায়। তরুণী টাকা দিতে অস্বীকার করলে সবাইকে মারধোর করে দুষ্কৃতীরা। যে মহিলা সেখানে হাজির ছিলেন, তিনি দুই শিশুকে নিয়ে কোনও মতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তরুণীর দুই পুরুষ আত্মীয়কে শৌচাগারের মধ্যে বেঁধে রেখে তরুণীটিকে পাশের ঘরে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায় দুষ্কৃতীরা। দুজন দুষ্কৃতী তাঁর ওপর অত্যাচার চালালেও তিনজন বাইরে রাস্তায় পাহারা দিচ্ছিল, একজন সদর দরজা আগলে ছিল। ধর্ষণের সময় পুরো ঘটনা ভিডিওতে তুলে রাখে দুষ্কৃতীরা।
রাত সাড়ে বারোটা নাগাদ বেঙ্গালুরু পুলিশের সদর দপ্তরে হেল্পলাইন নম্বরে ফোন করে তরুণীর বড় ছেলে সাহায্যের আবেদন জানায়। ফোন পেয়ে মদনায়কনহল্লি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতা ও তাঁর দুই পুরুষ আত্মীয়কে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ আসার আগেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মোবাইল ফোনের মেসেজের সূত্র ধরে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭০ (১), ১২৭ (২), ১১৮ (১), ৩১১ ধারাসহ আরও বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
❤ Support Us






