Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৬, ২০২৫

মাউন্ট এভারেস্ট অভিযান, ফিরতি পথে প্রাণ হারালেন পর্বতারোহী সুব্রত ঘোষ

আরম্ভ ওয়েব ডেস্ক
মাউন্ট এভারেস্ট অভিযান, ফিরতি পথে প্রাণ হারালেন পর্বতারোহী সুব্রত ঘোষ

মাউন্ট এভারেস্ট অভিযান থেকে ফেরার পথে মৃত্যু হল এক বাঙালী পর্বতারোহীর। রানাঘাটের বাসিন্দা ওই পর্বতারোহীর নাম সুব্রত ঘোষ। নেপালের স্নোই হরাইজন ট্রেকস অ্যান্ড এক্সপিডিশন আয়োজক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভান্ডারী সুব্রত ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মাউন্ট এভারেস্ট সামিট পয়েন্টের খুব কাছেই হিলারি স্টেপ সংলগ্ন অংশ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়।

বৃহস্পতিবার ৮,৮৪৯ মিটার (২৯,০৩২ ফুট) উঁচু চূড়ায় পৌঁছানোর পর ফেরার পথে নিখোঁজ হন ৪৫ বছর বয়সী পেশায় স্কুল শিক্ষক সুব্রত ঘোষ। প্রায় ১৭ ঘন্টা ধরে নিখোঁজ থাকার পরে হিলারি স্টেপের কাছে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। হিলারি স্টেপ ‘‌মৃত্যু অঞ্চলে’‌ অবস্থিত, ৮,০০০ মিটার (২৬,২৫০ ফুট) উঁচু দক্ষিণ কোল এবং চূড়ার মাঝামাঝি একটি এলাকা যেখানে বেঁচে থাকার জন্য প্রাকৃতিক অক্সিজেনের মাত্রা অপর্যাপ্ত।

১৫ মে দুপুর ২টোর সময় সফলভাবে চূড়ায় পৌঁছন সুব্রত ঘোষ। কিন্তু নামার সময় তীব্র ক্লান্তি অনুভব করেন এবং উচ্চতাজনিত অসুস্থতার লক্ষণ দেখা দেয়। সুব্রত ঘোষের গাইড চম্পল তামাং জানান, সুব্রত ঘোষ চলার শক্তি হারিয়ে ফেলেন এবং এগিয়ে যেতে অক্ষম হন। ঘটনাটি ঘটেছিল হিলারি স্টেপের ঠিক নীচে, যা পাহাড়ের চূড়ার কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান। চম্পল তামাং সেই রাতেই চতুর্থ ক্যাম্পে ফিরে আসতে সক্ষম হন এবং ১৬ মে সকালে দলকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। ঘোষের মৃতদেহ উদ্ধার করে বেস ক্যাম্পে নামানোর চেষ্টা চলছে।

সুব্রত ঘোষের সঙ্গে ছিলেন আরও এক বাঙালি পর্বতারোহী রূম্পা দাস। এই মুহূর্তে তিনিও অসুস্থ। রুম্পা দাস ক্যাম্প ৪–এ রয়েছে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। এই পর্বতাভিযানে সুব্রত ঘোষের সঙ্গে তাঁর দিদিও ছিলেন। কিন্তু তিনি এভরেস্টের সর্বোচ্চ চূড়ার দিকে এগিয়ে যাননি। তিনি বেসক্যাম্পেই ছিলেন। রানাঘাটের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত ঘোষ। লায়ন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্টের সদস্য তিনি। বাগদার কাপাসাটি মিলনবিথী হাইস্কুলে শিক্ষকতা করতেন। পর্বতাভিযান ছিল তাঁর নেশা। সুব্রত ঘোষের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!