- এই মুহূর্তে বৈষয়িক
- জুলাই ৩১, ২০২৫
ব্যাঙ্গালুরুর ক্রিপ্টো সংস্থায় বিশাল সাইবার হানা, ওয়ালেট থেকে উধাও ৩৮৪ কোটি
ক্রিপ্টো জগতে এক নজিরবিহীন সাইবার চুরির ঘটনা। মধ্যরাতে হ্যাকারদের নিশানায় পড়ল ব্যাঙ্গালুরুর নামী ক্রিপ্টো সংস্থা নেবলিও টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। সংস্থার ডিজিটাল ওয়ালেট থেকে হাওয়া হয়ে গিয়েছে প্রায় ৩৮৪ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি। যা ৪৪ মিলিয়ন ডলারের সমান। ঘটনাটিকে দেশের ক্রিপ্টো মহলে এ পর্যন্ত ঘটা সবচেয়ে বৃহৎ সাইবার চুরি বলেই মনে করা হচ্ছে।
সংস্থার দাবি, ১৯ জুলাই রাত ২.৩৭ মিনিট নাগাদ একাধিক ডিজিটাল অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয় ওই বিপুল পরিমাণ অর্থ। কাকতালীয়ভাবে তখনই হ্যাক হয় সংস্থার এক কর্মচারী রাহুল আগরওয়াল-এর ল্যাপটপ। তদন্তে উঠে এসেছে, ওই কম্পিউটার থেকেই নেবলিও-র মূল ওয়ালেটে হানা চালানো হয়েছে। ঘটনার খবর প্রথম সামনে আনেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট (পাবলিক পলিসি ও গভর্নমেন্ট অ্যাফেয়ার্স) হারদীপ সিং। তাঁর অভিযোগ, অফিসিয়াল কাজের জন্য বরাদ্দ ল্যাপটপ ব্যবহার করে কোনো তৃতীয় পক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন আগরওয়াল। ল্যাপটপে সেই গোপন ছিদ্র খুঁজেই হ্যাকাররা ঢুকে পড়ে সংস্থার মূল তহবিলে।
শুধু তাই নয়, অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। ওই কর্মচারীর ব্যক্তিগত অ্যাকাউন্টে ইতিমধ্যেই ১৫ লক্ষ টাকা জমা পড়েছে। যদিও আগরওয়ালের দাবি, তিনি একটি পার্ট-টাইম কাজও করতেন এবং সেটা ওই অর্থ সেই কাজেরই পারিশ্রমিক। তবে সংস্থার কর্মকর্তাদের বক্তব্য, অফিসের যন্ত্র ব্যক্তিগত কাজের অনুমতি কোনোদিনই কাউকে দেওয়া হয়নি। ফলে রাহুলের গতিবিধি সন্দেহজনক বলেই মনে করা হচ্ছে। হ্যাকারদের সঙ্গে তাঁর কোনো যোগসাজশ আছে কি না, তা নিয়েও সন্দেহ দানা বাঁধছে। ব্যাঙ্গালুরুর সাইবার অপরাধ দমন শাখা ঘটনার তদন্তে নেমেছে। খতিয়ে দেখা হচ্ছে লেনদেনের তথ্য, যাতে চুরি যাওয়া অর্থ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে, তা বোঝা যায়। প্রতারিত সংস্থা নেবলিও-র তরফে জানানো হয়েছে, ‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা ও অগ্রগতির স্বার্থে আমরা এই মুহূর্তে আর কিছু জানাতে পারছি না। অনুরোধ করছি, গুজব ও অনুমানভিত্তিক তথ্য থেকে সকলেই বিরত থাকুন।’ বিশেষজ্ঞদের মতে, ভারতে ক্রিপ্টোকারেন্সির দ্রুত প্রসার ঘটলেও সুরক্ষার দিকটি এখনো যথেষ্ট দুর্বল। তাই বড়ো সংস্থা হলেও, তাদের ডিজিটাল কাঠামো যে হ্যাকারদের থাবা থেকে রক্ষা পাচ্ছে না, নেবলিও-র ঘটনা তার জ্বলন্ত প্রমাণ।
❤ Support Us







