- দে । শ
- মে ১১, ২০২৬
কালনায় ভবাপাগলার মেলা
সাধক ভবাপাগলার বাৎসরিক পুজো ও মেলা উপলক্ষ্যে কালনার জাপটপাড়া সংলগ্ন ভবাপাগলার মন্দিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। দেশ বিদেশ থেকে আসা ভক্তদের ভিড় উপচে পড়ছে মেলা প্রাঙ্গণে। পুলিশ প্রশাসনও যথেষ্ট তৎপর। ভাগীরথীর উপর দিয়ে কালনায় আসার পথে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে সেজন্য ফেরিঘাটে রয়েছে কড়া নজরদারি।
উদ্যোক্তারা জানান, বৈশাখ মাসের শেষ শনিবার থেকে শুরু হয় সাধক ভবা পাগলার ভবানী মায়ের বাৎসরিক পূজা। ঐতিহ্যবাহী এই পুজো এবার ৭৬ বছরে পদার্পণ করল। গ্রহরাজ পূজার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। আধ্যাত্মিক আবহ, ভক্তির টান ও ঐতিহ্যের মেলবন্ধনে আজও কালনার ভবা পাগলার বাৎসরিক পূজা এক অনন্য মিলনক্ষেত্র হয়ে ওঠে।
বছর দশেক আগে এই পুজোর সময় কালনা ঘাট থেকে শান্তিপুর ঘাটে ফেরার পথে কালনা ফেরিঘাটে ভাগীরথীতে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে পরের বছর থেকেই পুলিশ-প্রশাসনের নিরাপত্তা ও নজরদারি থাকে যথেষ্ট পরিমাণে। এবারও কালনা ফেরিঘাট এলাকায় বাড়ানো হয়েছে অতিরিক্ত নজরদারি। শান্তিপুর ও কালনার মধ্যে লঞ্চ চলাচলে অতিরিক্ত যাত্রী ওঠানামাতেও রয়েছে নিয়ন্ত্রণ। যাত্রী চলাচল সুষ্ঠু রাখতে তৈরি করা হয়েছে ব্যারিকেড। নদীর দুই পাড়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।
❤ Support Us





