Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২২, ২০২৬

সায়ন্তন বসুকে ঘিরে ভাঙড় কলেজে অশান্তি ! গ্রেফতার চার, বসছে পুলিশ পিকেট

আরম্ভ ওয়েব ডেস্ক
সায়ন্তন বসুকে ঘিরে ভাঙড় কলেজে অশান্তি ! গ্রেফতার চার, বসছে পুলিশ পিকেট

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলেজে পরিচালন সমিতির সভাপত, বিজেপি নেতা সায়ন্তন বসুর উপস্থিতিকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। পৃথক দু-টি মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতেরা হলেন শাহরুখ আখতার আলি মোল্লা, আসলাম হাবিব, রবিউল মিস্ত্রি এবং রবিউল জামান শেখ।

সোমবার সায়ন্তন বসু কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে প্রথম বার কলেজে যান। তাঁর গাড়ি দুপুরে কলেজের গেটে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রের খবর, বাম ছাত্র সংগঠনের পড়ুয়াদের পাশাপাশি আইএসএফ সমর্থকেরাও সেখানে উপস্থিত ছিলেন। পাল্টা স্লোগান দিতে শুরু করেন এবিভিপি-র সমর্থক পড়ুয়ারা। এর পরেই দু-পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

ওই উত্তেজনার মধ্যেই এবিভিপি-র সমর্থকদের বিরুদ্ধে ছাত্রীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও ওঠে। ঘটনার পর ভাঙড় থানার পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে  মামলা দায়ের করে। সে মামলায় রবিউল মিস্ত্রি এবং রবিউল জামান শেখকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, তাঁদের বিরুদ্ধে অবৈধ জমায়েত, বেআইনি ভাবে কলেজে প্রবেশ এবং পরিচালন সমিতির সভাপতিকে কাজে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে।

অন্যদিকে, এবিভিপি-র সমর্থক পড়ুয়াদের একাংশের তরফেও ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে শাহরুখ আখতার আলি মোল্লা এবং আসলাম হাবিবকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার ধৃতকেই মঙ্গলবার বারুইপুর আদালতে হাজির করানো হবে। সোমবারের ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই ভাঙড় কলেজের সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। নতুন করে যাতে কোনও ধরনের অশান্তি বা গোলমালের ঘটনা না ঘটে, সে জন্য কলেজ চত্বরে নজরদারি বাড়িয়েছে পুলিশ।

সম্প্রতি ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে বিজেপি নেতা সায়ন্তন বসুকে দায়িত্ব দেওয়া হয়। সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর সোমবারই প্রথম কলেজে যান তিনি। তবে প্রথম দিনেই তাঁকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। তাঁর কলেজে প্রবেশকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ঘটনার পর কলেজ চত্বরে যাতে আর কোনও অশান্তি না ছড়ায়, সে লক্ষ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!