Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুলাই ১৫, ২০২৪

বুলেট নয় ব্যালটে থাক আস্থা, ট্রাম্পের ওপর আততায়ী হামলার পর বার্তা বাইডেনের । গণতন্ত্র ও রাজনীতিতে হিংসার স্থান নেই বললেন মোদি, ঘটনার নিন্দায় রাহুল

আরম্ভ ওয়েব ডেস্ক
বুলেট নয় ব্যালটে থাক আস্থা, ট্রাম্পের ওপর আততায়ী হামলার পর বার্তা বাইডেনের । গণতন্ত্র ও রাজনীতিতে হিংসার স্থান নেই বললেন মোদি, ঘটনার নিন্দায় রাহুল

রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলারে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে যান ট্রাম্প । একটি বাড়ির ছাদ থেকে আচমকা ওই যুবক পরপর তিনবার তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে । একটি গুলি ট্রাম্পের ডানদিকের কান ঘেঁষে বেরিয়ে যায় । বক্তৃতা দিতে দিতে আচমকা কানে হাত দিয়ে বসে পড়েন । কিছুক্ষণ পর তাঁর কান থেকে রক্তপাত হতে দেখা যায় । পুলিশ ও নিরাপত্তারক্ষীদের গুলিতে হামলাকারী যুবকের মৃত্যু হয় । হামলাকারীর ছোড়া গুলিতে এক ট্রাম্প সমর্থকের মৃত্যু হয় । দু’জন গুরুতর জখম হন । আগামী নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনের আগে এ ঘটনায় সারা যুক্তরাষ্ট্র স্তম্ভিত হয়ে গিয়েছে । তাঁর প্রতিপক্ষ, আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি বাইডেন ট্রাম্পকে ফোন করে তাঁর খববাখবর নেন ।

যদিও ট্রাম্প তাঁর ওপর হামলার নেপথ্যে পরোক্ষে বাইডেন ও ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের এ ঘটনায় কাঠগড়ায় তুলেছেন । সেক্ষেত্রে আগামী নির্বাচনে অভিবাসন, বাইডেনের বয়স, ইউক্রেনকে অর্থ সাহায্যের বিষয়গুলি ছাড়া এই হামলার ঘটনাও অন্যতম বড় ইস্যুরূপে তুলে ধরতে পারেন ট্রাম্প ।

ট্রাম্পের ওপর হামলার নিন্দা করে অধুনা রাষ্ট্রপতি বাইডেন তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন,’ পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সভায় হামলার বিষয়ে খবর পেলাম । উনি সুস্থ ও নিরাপদ আছেন শুনে আমি কৃতজ্ঞ । আমি ওঁর জন্য, ওঁর পরিবারের জন্য এবং সভায় উপস্থিত সকলের জন্য প্রার্থনা করি । ঘটনা সম্পর্কে আরও তথ্য জানার অপেক্ষায় রয়েছি । ট্রাম্পকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য সিক্রেট সার্ভিসের উপর আমি ও জিল (জিল বাইডেন, আমেরিকার ফার্স্ট লেডি) কৃতজ্ঞ। আমেরিকায় হিংসার কোনও জায়গা নেই । আমাদের ঐক্যবদ্ধ হয়ে এর বিরোধিতা করা উচিত । ‘

ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি তাঁর এক্স হ্যন্ডেলে লিখেছেন, ‘ আমার বন্ধু আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন । ঘটনার তীব্র বিরোধিতা করছি । গণতন্ত্র ও রাজনীতিতে হিংসার কোনও স্থান নেই । ওঁর দ্রুত আরোগ্য কামনা করি । যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের জন্য, যাঁরা জখম হয়েছেন তাঁদের জন্য এবং সর্বোপরি আমেরিকার মানুষের জন্য আমার সমবেদনা রইল।’ ঘটনার নিন্দা জানিয়েছেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও ।

তবে মার্কিন রাষ্ট্রপতির ওপর হামলার ঘটনা নতুন নয় । ১৮৬৮ সালে নিহত হন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন । প্রেসিডেন্ট হওয়ার ছ মাসের মধ্যে গুলিবিদ্ধ হন জেমস গারফিল্ড । ১৯৬৩ সালে গুলিবিদ্ধ হয়ে মারা যান যুক্তরাষ্ট্রের ৩৫ তম প্রেসিডেন্ট জনএফ কেনেডি । ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, হ্যারি এস ট্রুম্যান জেরাল্ড ফোর্ড, রোনাল্ড রেগান ও জর্জ ডব্লিউ বুশও অল্পের জন্য বন্দুকবাজের হামলা থেকে রক্ষা পান ।

রবিবার ভোট প্রচারের সময় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালনার ঘটনায় অভিযুক্ত যুবকের ছবি প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই । তারা জানিয়েছে অভিযুক্ত যুবকের নাম ম্যাথিউ ক্রুক্স । বয়স মাত্র কুড়ি । এফবিআই জানিয়েছে , ওই যুবক পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা । ওই অঞ্চলে বাটলার নামক স্থানে ট্রাম্পের ওপর বন্দুক নিয়ে হামলা করে সে ।

অকুস্থলে উপস্থিত সিক্রেট সার্ভিস কাউন্টার-স্নাইপার বন্দুকধারীরা ক্রুক্সকে লক্ষ্য করে গুলি চালান । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্নিপার সদস্যদের তাঁরা একাধিকবার সচেতন করে জানিয়েছেন যে এক যুবক এক ছাদ থেকে অন্য ছাদে ঘুরে বেড়াচ্ছে । এমনকি তার কোমরে একটি বন্দুকও দেখতে পেয়েছেন তাঁরা । বন্দুকের গুলিতে মৃত্যুর পর তার দেহ থেকে একটি এ আর-১৫ অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছেন আধিকারিকেরা ।

এফবিআই সূত্রে খবর, বেথেল পার্ক স্কুলের স্নাতক ওই ছাত্র একটু শান্তশিষ্ট, মুখচোরা বলেই পরিচিত ছিল । স্কুলে মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল । ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভে ‘স্টার অ্যাওয়ার্ড’ রূপে ৫০০ ডলার পুরষ্কার পেয়েছিল সে । আদতে সে ট্রাম্পের দলের নথিভুক্ত সদস্য । স্কুলে এই মুখচোরা ছেলেটিকে নানাভাবে উত্যক্ত করত তার সহপাঠীরা । সে যে এমন কাণ্ড ঘটাতে পারে, ভাবতে পারেনি কেউ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!