- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৫, ২০২৫
প্রার্থী নয়, সামলাবেন সংগঠনের কাজ। বিহার নির্বাচন নিয়ে কী ভবিষ্যত বাণী প্রশান্তর ?
নির্বাচনী কৌশলবিদ থেকে রাজনীতিক হওয়া প্রশান্ত কিশোর, যাঁর দল জন সুরজ পার্টি এই প্রথমবার বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে, তিনি নিজে এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক বিবৃতিতে কিশোর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জানিয়েছেন, তিনি ভোটে লড়বেন না এবং সংগঠনের কাজেই মনোযোগ দেবেন।
জন সুরাজ পার্টির তরফে রাঘোপুর আসনে চঞ্চল সিংহকে প্রার্থী ঘোষণার পর থেকেই পরিষ্কার হয়ে যায় যে কিশোর নিজে লড়াইয়ে নামছেন না। এর আগে তিনি বলেছিলেন, যদি ভোটে দাঁড়ান, তবে সেটা হবে তাঁর নিজের এলাকা কারগহর অথবা আরজেডি-র শক্ত ঘাঁটি রাঘোপুর থেকে। প্রথম তালিকায় জন সুরজ পার্টি কারগহর আসনে ঋতেশ রঞ্জন (পাণ্ডে)-কে প্রার্থী করেছে। রাঘোপুরে চঞ্চল সিংহের মনোনয়ন কিশোরের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে দেয়।
উল্লেখ্য, রাঘোপুর আসনটি আরজেডি নেতা তেজস্বী যাদবের প্রতিনিধিত্ব করা একটি শক্ত ঘাঁটি। সেখানে প্রার্থী হলে কিশোরকে কড়া লড়াইয়ের মুখে পড়তে হতো। তাছাড়া, নির্বাচন লড়লে কিশোর একটি মাত্র আসনে সীমাবদ্ধ হয়ে পড়তেন, যা পুরো দলের প্রচারে নেতিবাচক প্রভাব ফেলতো, কারণ তিনিই জন সুরজের সবচেয়ে পরিচিত মুখ।
সংবাদ মধ্যমকে প্রশান্ত কিশোর বলেন, “জন সুরাজ সিদ্ধান্ত নিয়েছে যে আমি সংগঠনের কাজেই মনোযোগ দিই, নির্বাচনে অংশ না নিই।” দলকে বড় লক্ষ্য নির্ধারণ করে তিনি বলেন, “১৫০টির কম আসন পেলে সেটাই হবে জন সুরজের পরাজয়।”
তিনি বলেন, বিহারে শাসক জোট এনডিএ নিশ্চিতভাবেই পরাজিত হতে চলেছে এবং নীতীশ কুমার নেতৃত্বাধীন জেডিইউ ২৫টিরও কম আসন পাবে। “এনডিএ-র পতন নিশ্চিত, এবং নীতীশ কুমার আর মুখ্যমন্ত্রী হয়ে ফিরবেন না,” মন্তব্য করেন কিশোর।
তিনি আরও বলেন, “জেডিইউ-র ভবিষ্যৎ বুঝতে সেফলজিস্ট হওয়ার প্রয়োজন নেই। গত নির্বাচনে চিরাগ পাসওয়ান ভোট ঘোষণার ঠিক আগে বিদ্রোহ করে জেডিইউ প্রার্থীদের বিরুদ্ধে তুচ্ছ প্রার্থী দাঁড় করিয়ে দলের আসন সংখ্যা ৪৩-এ নামিয়ে আনেন।”
কিশোর দাবি করেন, “ইন্ডিয়া জোটের অবস্থাও খুব একটা ভালো নয়। আরজেডি এবং কংগ্রেসের মধ্যে বিরোধ শেষ হচ্ছে না। প্রাক্তন মন্ত্রী মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি আদৌ এখনও জোটে আছে কিনা, তাও কেউ জানে না।”
২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ ও ১১ নভেম্বর। ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।
❤ Support Us






