- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৮, ২০২৫
ভোটের আগেই পদ্ম-লন্ঠনে সংস্কার, দলবিরোধী কাজে বহিষ্কৃত ৩৩ নেতা
দলবিরোধী কাজের জন্য রাষ্ট্রীয় জনতা দল তাদের ২৭ জন নেতাকে বহিষ্কার করেছে। যার মধ্যে দু’জন বিধায়ক রয়েছেন, চারজন প্রাক্তন বিধায়ক এবং একজন প্রাক্তন বিধান পরিষদ সদস্য (এমএলসি) রয়েছেন। তাদের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপ এবং বিহার বিধানসভা নির্বাচনে দলের আদর্শ অমান্য করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরজেডি রাজ্য সভাপতি মঙ্গনী লাল মণ্ডলের এক বিবৃতিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের দলীয় প্রাথমিক সদস্যপদ থেকেও বরখাস্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আরজেডি নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে কারণ দেখা গেছে, এই নেতারা আরজেডি বা মহাগঠবন্ধনের প্রার্থীদের বিরুদ্ধে কাজ করছিলেন এবং দলবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন।
বহিষ্কৃত বিধায়করা হলেন ছোটেলাল রায় (পরসা) এবং মোহাম্মদ কামরান (গোবিন্দপুর)। চারজন প্রাক্তন বিধায়ক — রাম প্রকাশ মাহতো, অনিল সাহনি, সরোজ যাদব ও অনিল যাদব এবং প্রাক্তন এমএলসি গণেশ ভারতীকেও বরখাস্ত করা হয়েছে।
অন্য বিশিষ্ট বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন ঋতু জয়সওয়াল, অক্ষয় লাল যাদব, রাম সাক্ষা মাহতো, অবনীশ কুমার, ভগত যাদব, মুকেশ যাদব, সঞ্জয় রায়, কুমার গৌরব এবং রাজীব কুশওয়াহা প্রমুখ।
এই ঘটনার প্রতিক্রিয়ায় এক প্রবীণ আরজেডি নেতা বলেন, “বহিষ্কৃত নেতারা ইন্ডিয়া জোট এবং আরজেডি-র আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে কাজ করছিলেন।”
২৪৩ সদস্যবিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে দুই দফায় — ৬ ও ১১ নভেম্বর। ফলাফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর। তার আগে এই ঘটনা যথেষ্ট রাজনৈতিক তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে বিহার বিজেপির শাখা দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছয়জন নেতাকে, যার মধ্যে কাহালগাঁওয়ের বিধায়ক পবন যাদবও রয়েছেন, দল থেকে বহিষ্কার করেছে।
রবিবার সন্ধ্যায় জারি করা একটি দলীয় বিবৃতিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতারা, যার মধ্যে ওই বিধায়কও আছেন, তাঁদের দলীয় প্রাথমিক সদস্যপদ থেকেও স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “দল দেখেছে যে এই ছয়জন নেতা রাজ্যের চলমান বিধানসভা নির্বাচনের সময় এনডিএ প্রার্থীদের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন। বিদায়ী বিধানসভার বর্তমান বিধায়ক পবন যাদবকে এ বার দল থেকে প্রার্থী করা হয়নি। তিনি কাহালগাঁও আসন থেকে এনডিএ প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।”
দল থেকে বহিষ্কৃত অন্য নেতারা হলেন — সানি যাদব, শ্রবণ কুশওয়াহা, উত্তম চৌধুরী, মারুতি নন্দন মারুতি এবং পবন চৌধুরী।
❤ Support Us






