Advertisement
  • দে । শ
  • জুন ১, ২০২৬

দাড়িভিট আন্দোলনের প্রতিবাদী মুখ বঙ্গ মন্ত্রিসভায়, ৩২ বছরেই রাজ্যের কনিষ্ঠতম মন্ত্রী হলেন বিরাজ বিশ্বাস

আরম্ভ ওয়েব ডেস্ক
দাড়িভিট আন্দোলনের প্রতিবাদী মুখ বঙ্গ মন্ত্রিসভায়, ৩২ বছরেই রাজ্যের কনিষ্ঠতম মন্ত্রী হলেন বিরাজ বিশ্বাস

মাত্র ৩২ বছর বয়সেই রাজ্য মন্ত্রিসভায় জায়গা করে নিলেন উত্তর দিনাজপুরের করণদিঘির তরুণ নেতা বিরাজ বিশ্বাস। একসময় দাড়িভিট আন্দোলনে শাসক দলের বিরুদ্ধে সোচ্চার মুখ হিসেবে উঠে এসেছিলেন তিনি। আন্দোলনের জেরে জেলেও যেতে হয়েছিল তাঁকে। সেই লড়াকু রাজনৈতিক কর্মীই আজ রাজ্যের কনিষ্ঠতম মন্ত্রী।

সোমবার লোকভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন বিরাজ বিশ্বাস। রাজনৈতিক মহলে আগেই জল্পনা ছিল যে তিনি মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। শপথ গ্রহণের মাধ্যমে সেই জল্পনাই বাস্তবে পরিণত হল। যদিও তিনি কোন দপ্তরের দায়িত্ব পাবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, খুব শীঘ্রই মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হবে।

করণদিঘির ভূমিপুত্র বিরাজ বিশ্বাসের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ছাত্রজীবনেই। প্রথমদিকে তিনি আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র সদস্য হিসেবে সংগঠনে যোগ দেন এবং ধাপে ধাপে রাজ্য সম্পাদক পদে উন্নীত হন। তাঁর সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণে তিনি পরবর্তীতে এবিভিপির সর্বভারতীয় সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দলের প্রতি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মনিষ্ঠা বিজেপির শীর্ষ নেতৃত্বের নজর কেড়েছিল। সেই আস্থার ভিত্তিতেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে করণদিঘি কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি। দলের সেই সিদ্ধান্তকে সার্থক প্রমাণ করে তিনি তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা গৌতম পালকে প্রায় ২০ হাজার ভোটে পরাজিত করেন।

তুলনামূলকভাবে কম বয়স এবং সীমিত রাজনৈতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিরাজ বিশ্বাস নিজের সংগ্রামী মনোভাব ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে দ্রুত রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন। ছাত্রনেতা থেকে বিধায়ক, আর সেখান থেকে সরাসরি মন্ত্রী— তাঁর রাজনৈতিক উত্থান নিঃসন্দেহে উল্লেখযোগ্য।

এদিন বিরাজ বিশ্বাসের পাশাপাশি আরও ৩৪ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। করণদিঘির সন্তান রাজ্যের মন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, বিরাজের হাত ধরে এলাকার উন্নয়নে নতুন গতি আসবে এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!