Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২, ২০২৬

দেশে ফের বার্ড ফ্লুর হানা, কেরল ও তামিলনাড়ুর একাধিক জেলায় সতর্কতা জারি

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশে ফের বার্ড ফ্লুর হানা, কেরল ও তামিলনাড়ুর একাধিক জেলায় সতর্কতা জারি

শীত বাড়তেই দেশে আবারও বার্ড ফ্লু বা আভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রকোপ । কেরল ও তামিলনাড়ুর একাধিক জেলায় H5N1 ভাইরাসে মুরগি আক্রান্ত হওয়ার খবর মিলেছে । পরিস্থিতির গুরুত্ব বুঝে দুই রাজ্যেই কৃষক ও পোলট্রি খামারিদের সতর্ক করেছে প্রশাসন ।

কেরলের আলাপ্পুজা ও কোট্টায়াম জেলায় গত কয়েক দিনে বহু মুরগির শরীরে H5N1আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে । একই সঙ্গে তামিলনাড়ুর একাধিক জেলাতেও সংক্রমণের খবর সামনে এসেছে । বিশেষ করে নামাক্কাল জেলায় নজরদারি আরও জোরদার করা হয়েছে । উল্লেখযোগ্যভাবে, এই নামাক্কাল জেলাই দেশের অন্যতম বৃহৎ ডিম উৎপাদন কেন্দ্র—এখানেই প্রায় ১,৫০০টি পোলট্রি ফার্ম রয়েছে এবং প্রতিদিন কয়েক লক্ষ ডিম উৎপাদিত হয় ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেরল ও তামিলনাড়ুর মোট তিনটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে । পোলট্রি ফার্মগুলিতে নিয়মিত মুরগির স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে এবং রাজ্যের অন্যান্য প্রান্তের কৃষকদেরও সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

বার্ড ফ্লুর বড়ো সমস্যা হল এর দ্রুত সংক্রমণ ক্ষমতা । মূলত হাঁস ও মুরগি আক্রান্ত হলেও গবাদি পশু, পরিযায়ী পাখি এবং বন্য পাখির মধ্যেও এই রোগ ছড়াতে পারে । এমনকি মানুষের শরীরেও H5N1 ভাইরাসের সংক্রমণের নজির রয়েছে । মানুষের ক্ষেত্রে সাধারণত জ্বর, চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা যায়, যদিও কিছু ক্ষেত্রে শুরু থেকেই অসুস্থতা গুরুতর হতে পারে । সাম্প্রতিক সময়ে গবাদি পশু থেকেও সংক্রমণ ছড়ানোর উদাহরণ সামনে এসেছে ।

এই পরিস্থিতিতে যাঁরা পাখি বা গবাদি পশুপালনের সঙ্গে যুক্ত, তাঁদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে । পশুপাখির মলমূত্র পরিষ্কারের সময় বাড়তি সুরক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ।

প্রতিবছরই শীতকালে বার্ড ফ্লুর প্রকোপ দেখা যায় । এবার এখনও পর্যন্ত সংক্রমণ কয়েকটি জেলায় সীমাবদ্ধ থাকলেও প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে । দ্রুত অন্যত্র সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই নজরদারি আরও কড়া করা হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!