Advertisement
  • দে । শ
  • মে ২৭, ২০২৬

পুরীর হোটেল থেকে আটক বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, কলকাতায় নিয়ে আসছে পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
পুরীর হোটেল থেকে আটক বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, কলকাতায় নিয়ে আসছে পুলিশ

দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। ওডিশার পুরীর একটি হোটেল থেকে তাঁকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং ডায়মন্ড হারবার পুলিশের যৌথ বাহিনী। আটক করার পর তাঁকে কলকাতায় নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

সম্প্রতি সমাজমাধ্যমে বিধায়ক দিলীপ মণ্ডলের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যদিও সেই ভিডিয়োর সত্যতা আরম্ভ ওয়েব ডেস্কের পক্ষে যাচাই করা হয়নি। অভিযোগ, ওই ভিডিয়োয় বিরোধী দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। সেই ঘটনাকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের স্বার্থে গত ১৪ মে পৈলানে বিধায়কের প্রাসাদোপম বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে তাঁর খোঁজ মেলেনি। স্থানীয় সূত্রে দাবি, পুলিশের আসার খবর পেয়েই বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। এরপর থেকেই কার্যত আত্মগোপন করে ছিলেন তৃণমূল বিধায়ক।

তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হলেও এতদিন কোনও হদিস পাওয়া যাচ্ছিল না। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে রাজ্য পুলিশের এসটিএফ খবর পায় যে পুরীর ‘ব্লু লিলি’ হোটেলে রয়েছেন দিলীপ মণ্ডল। সেই তথ্যের ভিত্তিতেই পুরীর ওই হোটেলে অভিযান চালায় এসটিএফ এবং ডায়মন্ড হারবার পুলিশের যৌথ দল।

হোটেলে পৌঁছে রেজিস্টার খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয় যে দিলীপ মণ্ডল সেখানেই রয়েছেন। এরপর তাঁর ঘরে হানা দিয়ে তাঁকে আটক করা হয়। বর্তমানে তাঁকে কলকাতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!