Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২২, ২০২৪

২ মহিলা কর্মীকে খুনের চেষ্টা, জোড়াফুলের নিশানায় পদ্ম শিবির

আরম্ভ ওয়েব ডেস্ক
২ মহিলা কর্মীকে খুনের চেষ্টা, জোড়াফুলের নিশানায় পদ্ম শিবির

তৃণমূলকে ভোট। মুখ্যমন্ত্রীর নামে অশ্লীল কথাবার্তার প্রতিবাদ। আক্রান্ত হুগলির বলাগড় থানার চররামপুরের তৃণমূলের দুই সক্রিয় মহিলা কর্মী অপর্ণা মন্ডল ও সঞ্চিতা মন্ডল। তাদেরকে বুধবার ভর্তি করা হল কালনা হাসপাতালে। অভিযোগের তির বিজেপির দিকে। আক্রান্তদের চিকিৎসার তদারকি করতে হুগলির তৃণমূল নেতৃত্ব হাসপাতালে আসেন ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলেন। এই ঘটনায় বলাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন বলে আক্রান্তরা জানান। স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। হুগলী লোকসভা কেন্দ্রের ভোটের দিন শেষলগ্নে হুগলীর চরকৃষ্ণবাটি পঞ্চায়েতের চররামপুরের তৃণমূলের দুই সক্রিয় মহিলা কর্মী অপর্ণা মন্ডল ও সঞ্চিতা মন্ডল ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ধারালো অস্ত্রের কোপ ও মারধর করে বলে অভিযোগ।

আক্রান্তদের প্রথমে জিরাট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতিই হচ্ছিল। তাই পরিবারের সদস্যরা তাদের কালনা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অপর্ণা মন্ডলের অভিযোগ, ভোটের দিন দুপুরে ভোট কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলাম। বেলতলা মোড়ের কাছ বিজেপির লোকজন দাঁড়িয়েছিল। আমাদেরকে ঘিরে ধরে মমতা ব্যানার্জির নামে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। বলে, তৃণমূলকে ভোট দিয়েছিস। তোদের হাত কেটে ফেলব। তারপর গলায় দা-এর মত ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে যায়।আমি হাত দিয়ে তা আটকালে হাতে লাগে। আমাকে আর সঞ্চিতাকে ব্যাপক মারধর করে। থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। চিকিৎসাধীন অপর্ণা মন্ডল ও সঞ্চিতা মন্ডলকে বুধবার কালনা হাসপাতালে দেখতে আসেন হুগলী জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায়, বলাগড় ব্লক তৃণমূল সভাপতি নবীন গঙ্গোপাধ্যায়রা।নবীনবাবু জানান, ‘ভোটের দিন আমাদের সক্রিয় কর্মী অপর্ণা মন্ডল ও সঞ্চিতা মন্ডল চররামপুরের বুথে ভোট করছিল। ওইদিন তাদের বাড়ি ফেরার সময় বিজেপির লোকেরা তাদের ঘিরে ধরে ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তার প্রতিবাদ করায় ও তৃণমূলকে ভোট দেওয়ায় ধারালো অস্ত্রের কোপ মারে।’ বলাগড় বিজেপির ২ নং মন্ডলের  সভাপতি সুজয় বিশ্বাস ও সহ-সভাপতি কাশীনাথ কোলে জানান, ‘তৃণমূলের ওই দুই মহিলা কর্মী চররামপুরের বুথে ভোটারদের প্রভাবিত করছিলেন।অশান্তির বাতাবরণ তৈরি করেছিলেন। এলাকার মানুষজন প্রতিরোধ করেন। বিজেপির বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলছে তৃণমূল।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!