Advertisement
  • দে । শ
  • মে ১, ২০২৩

আবাস যোজনায় তৃণমূলের কাটমানি, দেবের পদত্যাগ চেয়ে ঘাটাল জুড়ে বিজেপির পোস্টার

আরম্ভ ওয়েব ডেস্ক
আবাস যোজনায়  তৃণমূলের কাটমানি,  দেবের পদত্যাগ চেয়ে ঘাটাল জুড়ে বিজেপির পোস্টার

ঘাটাল শহর অভিনেতা  তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারীর বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ। শহরের নানা এলাকায় দেবের বিরুদ্ধে পোস্টার পড়েছে তাঁর জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারীর তোলা অভিযোগকে কেন্দ্র করে। সম্প্রতি বিক্রম অভিযোগ করেছেন, আবাস যোজনার টাকা পেতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কাটমানি আদায় করছে। এর জেরে তুমুল বিতর্ক ছড়ায়। এরপর বিজেপি বিষয়টিকে হাতিয়ার করে আসরে অবতীর্ণ হয়েছে।

সূত্রের খবর, ঘাটালের পাঁশকুড়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে মহকুমাশাসকের দফতর সংলগ্ন এলাকা, সেন্ট্রাল বাসস্ট্যান্ড-সহ বিভিন্ন এলাকায় বেশ কিছু পোস্টার পড়েছে। তাতে জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারীর তোলা অভিযোগ প্রসঙ্গে তৃণমূল সাংসদ দেবের জবাবদিহি চাওয়া হয়েছে।

দেব  এব্যাপারে কোনও প্রতিক্রিয়া না জানালেও তৃণমূলের জেলা নেতৃত্ব বিষয়টি নিয়ে মুখ খুলেছে। তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেছেন, বিক্রম অধিকারী অসত্য বলে্ছেন। আবাস যোজনায় তৃণমূলের কোনও নেতাই কাটমানি নেননি। আর বিজেপির তোলা অভিযোগ নিয়ে মুখ না খুলে ঠিক কাজই করেছেন দেব। বিজেপি দেবের বিরুদ্ধে ছক সাজাতেই আদাজল খেয়ে আসরে নেমে পড়েছে। কার্যত অযথা পোস্টার রাজনীতি করছে বিজেপি। বিজেপি বিভ্রান্ত বলেই দেবের বিরুদ্ধে ওরা কুৎসা ছড়াচ্ছে।

এদিকে জেলা বিজেপি নেতৃত্বের বক্তব্য উল্টো। জেলা বিজেপির তরফে্ ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দেবের পদত্যাগেরও দাবি তোলা হয়েছে। বিজেপির বক্তব্য, তৃণমূল সাংসদ দেবের জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারী আবাস যোজনায় তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে কাটমানি নেওয়ার যে অভিযোগ তুলেছেন, তা গুরুতর। এজন্যে অবিলম্বে সাংসদ পদ থেকে দেবকে পদত্যাগ করতে হবে। প্রসঙ্গত, সম্প্রতি আবাস যোজনার টাকা পেতে স্থানীয় তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয় বলে সংবাদমাধ্যমে অভিযোগ করেন বিক্রম অধিকারী। তবে বিক্রম এও জানান, এবিষয়ে দেব কিছুই জানেন না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!