Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৫

মণ্ডল সভাপতিকে সরানোয় ক্ষোভ,তালা বিজেপির জেলা কার্যালয়ে। পূর্ব বর্ধমানে প্রকাশ্যে পদ্মশিবিরের গোষ্ঠীকোন্দল

আরম্ভ ওয়েব ডেস্ক
মণ্ডল সভাপতিকে সরানোয় ক্ষোভ,তালা বিজেপির জেলা কার্যালয়ে। পূর্ব বর্ধমানে প্রকাশ্যে পদ্মশিবিরের গোষ্ঠীকোন্দল

নয়া মণ্ডল সভাপতিকে মানতে নারাজ কাটোয়ার বিজেপির একটি অংশ। প্রতিবাদ হিসেবে দলের কাটোয়া সাংগঠনিক জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বিজেপির একদল নেতা-কর্মী। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ‘অযোগ্য ব্যাক্তির কাঁধে মণ্ডল সভাপতির দায়িত্ব’ দেওয়ায়। এমনকী দলের সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় ও জেলা সাধারণ সম্পাদক সীমা ভট্টাচার্যকে সরানোরও দাবি জানান। কাটোয়া ১নং মণ্ডল এলাকার এই ঘটনাকে ঘিরে ফের প্রকাশ্যে এল পদ্মশিবিরের গোষ্ঠীকোন্দল। পরে অবশ্য অন্য একদল এসে সেই তালা ভেঙে অফিস খুলে নবনির্বাচিত মণ্ডল সভাপতিকে সংবর্ধনা জানানো হয়। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার ৩৬টি মণ্ডলের মধ্যে ২২টি মণ্ডলের সভাপতির নাম ঘোষণা হয়েছে। সেই তালিকায় নতুন মুখের সংখ্যা ১৪ জন। ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় অসন্তোষ, বিক্ষোভের ঘটনা ঘটছে। কাটোয়া ১নং মণ্ডলের সভাপতির পদ থেকে স্বপন চক্রবর্তীকে সরিয়ে নয়া সভাপতি হিসেবে অনিল পালের নাম ঘোষণা করা হয়েছে। অনিলবাবু এর আগে একটি বুথের সভাপতির দায়িত্বে ছিলেন। অনিলবাবুর নিয়োগের প্রতিবাদ জানাতেই ‘অফিসে তালা ঝোলানো হয়েছে’ বলে জানালেন স্বপনবাবু ও তার অনুগামীরা।

তাদের অভিযোগ, অনিলবাবুকে দায়িত্ব দেওয়া মানে বিজেপির সংগঠনকে আরও দুর্বল করে দেওয়া। সদ্য প্রাক্তন মণ্ডল সভাপতি স্বপনবাবু বলেন, ‘কাটোয়ায় বিজেপির সমর্থন বেড়েছে। গত ভোটগুলির ফলাফল দেখলেই সেটা পরিষ্কার হবে। এখন একজন অনভিজ্ঞের হাতে দায়িত্ব তুলে দিয়ে বিরোধী শিবিরের কাছে আত্মসমর্পণ করল দল।’ আরও বলেন, ‘বিজেপির যে বা যারা এভাবে দলকে দুর্বল করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই প্রকৃত বিজেপি কর্মীরা তালা ঝুলিয়েছেন।’ এ ব্যাপারে বিজেপির সংশ্লিষ্ট কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের দাবি, ‘কার্যালয় বন্ধ থাকাকালীন চোরের মত এসে তালা ঝুলিয়েছে। যারা তালা দিয়েছে, তাদের সদস্যপদ নবীকরণ করা হয়নি। দীর্ঘদিন ধরেই স্বপনবাবু-সহ কয়েকজন দলের কোনও কাজই করেন না। নিজেদেরকে প্রচারের আলোয় আনতে এসব করেছে। দলের নির্দেশিকা মেনেই মণ্ডল সভাপতি নির্বাচন করা হয়েছে।’ নবনির্বাচিত মণ্ডল সভাপতি অনিল পালও বললেন, ‘দলে বিভিন্ন রকম মত থাকতে পারে। কিন্তু সেটা দলের ভিতরে থেকে আলোচনা করাটাই বাঞ্ছনীয়। এভাবে প্রকাশ্যে কিছু করাতো শৃঙ্খলাভঙ্গের শামিল।’
দলের অবস্থান হল, বয়স ৪৫ বছরের ঊর্ধ্বে হলে মণ্ডল সভাপতি করা যাবে না। বয়স নীতির কারণেই অনেকে বাদ গিয়েছেন বলে দাবি পদ্মনেতৃত্বের। কাটোয়া সাংগঠনিক জেলায় এবার বিজেপির সদস্য হয়েছেন ৯১,৪০০ জন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!