- দে । শ
- জানুয়ারি ৩১, ২০২৫
নেতৃত্বের কাজকর্মে বীতশ্রদ্ধ পদত্যাগ করলেন মঙ্গলকোটের পদ্মনেতা
দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মণ্ডল সভাপতির পদ ছাড়লেন মঙ্গলকোটের পদ্মনেতা বুদ্ধদেব ধারা। রাজ্য নেতৃত্ব-সহ জেলা নেতৃত্বকে ই-মেল করে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানালেন মঙ্গলকোটের বিজেপির ৩ নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেববাবু। একসময় বিজেপির জেলা স্তরের বিভিন্ন পদে থেকে নেতৃত্ব দেওয়া বুদ্ধদেববাবু দলের বর্তমান নেতৃত্বের কাজকর্মে ‘বীতশ্রদ্ধ হয়ে এক রাশ ক্ষোভ নিয়ে আপাতত পদ ছাড়ছেন’ বলে জানান। নেতৃত্বের প্রতি বুদ্ধদেববাবুর তোপ, ‘দলের উচ্চনেতৃত্ব মুখে আইন-শৃঙ্খলার কথা বললেও কাজে তা পালন করেন না। দলের নিচুতলার কর্মীদের কথা শোনা হয় না।’ এসবের ফলে দলের সাংগঠনিক ভিত্তি যেমন আলগা হচ্ছে, তেমনি দলের গ্রহণযোগ্যতাও তলানিতে চলে যাচ্ছে বলে মনে করেন বুদ্ধদেববাবু। কিছুদিনের মধ্যে মঙ্গলকোটের আরও অনেক বিজেপি কর্মী দল ছাড়বেন বলেও জানিয়ে দিলেন বুদ্ধদেববাবু। তবে বুদ্ধদেববাবুর পদত্যাগে ‘দলের কোনও ক্ষতি হবে না’ বলে জানালেন বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়। গোপালবাবু বলেন, ‘বিজেপি দলটা বিশাল সমুদ্রের মত। তার থেকে এক বালতি জল তুললে এমন কিছু ক্ষতি হবে না। আমাদের দলে কেউ পরিত্যজ্য, কেউ অপরিহার্য নয়। তবে আমরা প্রত্যেক কার্যকর্তাকেই উপযুক্ত সম্মান করি।’
এমনিতেই সময়সীমা বাড়িয়েও এবার পূর্ব বর্ধমান জেলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়নি। তাই নিয়ে দলের ভিতরে যথেষ্ট অস্বস্তি রয়েছে। এই আবহে বুদ্ধদেববাবুর মত নেতার পদত্যাগে দলের অন্দরে অস্বস্তি আরও খানিকটা বাড়ল বলে মনে করছেন মঙ্গলকোটের পদ্ম শিবিরের একটা অংশ। উল্লেখ্য যে, সদস্য সংগ্রহ কর্মসূচি জোরদার করতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ রাজ্যের তাবড় নেতৃত্ব জেলায় আসেন। তাতেও লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়নি।
❤ Support Us





