- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ৩, ২০২৩
২০২৪-র লোকসভা ভোটের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করছেন : শুভেন্দু অধিকারী
বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে রাজ্যের তৃণমূল সরকারকে সংসদীয় নিয়ম নিয়ম মানে না বলে তীব্র সমালোচনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে শুধু মাত্র বিভাজনের রাজনীতি ও সংখ্যালঘু তোষণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, “বিধানসভায় জনস্বার্থ বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না। রাজ্যের মানুষ চাকরি পাক এটা মাননীয়া চান না। সংসদীয় নিয়ম মানা হচ্ছে না।”
শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভাজনের রাজনীতি করছেন বলে অভিযোগ করে বলেন, “গতকাল টাউন হলে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লা চৌধুরী, ফিরহাদ হাকিমদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী ২১ অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম, মোয়াজ্জেমদের নিয়ে বৈঠক ডেকেছেন।” শুভেন্দুর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে সংখ্যালঘু ভোটের দিকে নজর দিচ্ছেন। শুভেন্দু বলেন, “মাননীয়া জানেন,সঠিকভাবে নির্বাচন হলে ভাঙড়ে ওনার আরাবুলের যে দশা হয়েছে, সেটা সব জায়গায় হবে। তা ছাড়া সাগরদিঘির সংখ্যালঘু ফাটলটা এখন অনেক বড় হয়েছে।”
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় শিক্ষা যে সব মাদ্রাসায় দেওয়া হয় সেই মাদ্রাসাগুলোকে সরকারি স্বীকৃতি দেবেন, যাতে সেখানে যে সব পড়ুয়া পড়ে, তারা কন্যাশ্রী, সাইকেল, ট্যাব, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সরকারী সুবিধা পায়।
এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “যে সব মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসাগুলোকে কখনই আইনত মাননীয়া সরকারি স্বীকৃতি দিতে পারবেন না।” এর পর শুভেন্দু অধিকারী বলেন, “আপনি মাদ্রাসা নিয়ে গরিবদের মিথ্যে কথা বলছেন। মাননীয়া, আপনি গরিব সংখ্যালঘুদের বাড়ি, শৌচালয়, শিক্ষা, স্বাস্থ্য কিছুই দিতে পারেননি। রাজ্যে ৫০ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, তার মধ্যে ৩২ কলক্ষই সংখ্যালঘু। এই রাজ্য থেকে মিজোরামে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ২১ অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ধর্মীয় প্রচার ও বিভাজনের রাজনীতি করতে বৈঠক ডেকেছেন। এই বৈঠকে সিদ্দিকুল্লা চৌধুরী লোক আনবেন আর ফিরহাদ হাকিম লোক আনার জন্য বাস দেবেন। মাননীয়াকে বলতে চাই, আপনি নেতাজি ইন্ডোরে রাজ্যের বেকার যুবক-যুবতিদের ডেকে জানান, সরকার তাদের কর্মসংস্থানের জন্য কী ভাবছে। আমরা চাই, আপনার এই তোষণের রাজনীতি বন্ধ হোক।”
এদিন সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী তাঁর চিরাচরিত ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর দল ও তাঁর সরকারের সমালোচনা করে বলেন, “আপনি রাজ্যে শিক্ষার ব্যবস্থা করতেনপারেন না অথচ মদের দোকান খুলতে পারেন। আপনি চান সংখ্যালঘুদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ৪৫% ভোট পেয়ে রাজ্যে আবার ক্ষমতায় থেকে যাতে চুরি করতে পারেন আর ভাইপো বিদেশে সেই টাকা পাঠাতে পারেন।” এদিন শুভেন্দু অধিকারী গতকাল রাজ্যের মুখ্যসচিবের সাংবাদিক সম্মেলনের সমালোচনা করে বলেন, “মুখ্যসচিব রাজ্য ও কেন্দ্রের জিডিপি নিয়ে বলতে গিয়ে কেন্দ্রকে “ওদের” বলে কথা বলেছেন। আমার প্রশ্ন ইনি মুখ্যসচিব না তৃণমূলের কর্মী?” পাশাপাশি এই জিডিপি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যের উল্লেখ করে বলেন, “বিধান রায়, অজয় মুখোপাধ্যায়, জ্যোতি বসুরা যে চেয়ারে বসেছেন সেই চেয়ারে মাননীয়া ১ লক্ষ কোটিকে ১০ লক্ষ কোটি বলছেন , উনি একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রী।”
❤ Support Us






