- দে । শ
- ফেব্রুয়ারি ২৫, ২০২৫
জেলা সভাপতি নির্বাচন ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব পদ্মশিবিরে । নেতাদের নামে পোস্টার বসিরহাটে
জেলা সভাপতি পদে দৌড়ে থাকা বিজেপি নেতাদের নামে পোস্টার বসিরহাট শহরে। দু’ এক দিনের মধ্যে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির নতুন সভাপতি নির্বাচন হবে। কয়েকদিন আগে বাদুড়িয়া পৌর মন্ডল অফিসে তালা লাগিয়ে বর্তমান সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়েছিল। তাপস ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি টাকার বিনিময়ে মন্ডল সভাপতি নিয়োগ করেছেন। এবার পোস্টার পড়ল বসিরহাট সাংগঠনিক জেলা প্রাক্তন সভাপতি তারক ঘোষ ও তন্ময় পালের বিরুদ্ধে। তাপস ঘোষ, তন্ময় পাল ও তারক ঘোষ এঁরা জেলা সভাপতির সম্ভাব্য তালিকায় রয়েছেন। এঁদের মধ্যে কারও হাতে বিজেপি বসিরহাট সাংগঠনিক জেলার দায়িত্ব তুলে দিতে পারে। এব্যাপারে বিজেপি নেতারা তৃণমূলকে দুষছেন। যাঁদের নিয়ে পোস্টার পড়েছে সেই বিজেপির প্রাক্ত জেলা সভাপতি তারক ঘোষ এবং বর্তমান জেলা সভাপতি তাপস ঘোষ বলেন, ‘বিজেপির নেতা কর্মীরা এক সঙ্গে লড়াই করছেন। এটা জেনেই তৃণমূল আমাদের মধ্যে ভাঙন ধরাতে নানা কুৎসা রটাচ্ছে। ওই সব পোস্টার তারই বহিঃপ্রকাশ।’ তৃণমূল নেতা, আইএনটিটিইউসি জেলা সভাপতি কৌশিক দত্ত বলেন, কে বিজেপির জেলা সভাপতি হল তা নিয়ে তৃণমূলের মাথা ব্যথা নেই। বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব নতুন কিছু নয়। এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার। পদ নিয়ে কাদা ছোড়াছুড়ি করছে। তবে চাপান উতোর চাই হোক না কেই বিজেপি নেতার নামে পোস্টার নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা চলছে। অস্বস্তিতে পড়েছে বিজেপির জেলা নেতৃত্ব।
কয়েকদিন আগে বাদুড়িয়া পৌরমন্ডলের কার্যালয়ে তালা মেরে জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে পোস্টারের রেশ মিটতে না মিটতেই তারক ঘোষ ও তন্ময় পালের নামে পোস্টার ঘিরে বিব্রত পদ্ম শিবির। তারক ঘোষ আবার প্রাক্তন জেলা সভাপতি এবং তন্ময় পাল প্রাক্তন জেলা সভাপতি ছিলেন। তাঁদের মেয়াদকালে ২০২১ সালে দলের অর্থ আত্মসাত এবং তৃণমূলের সঙ্গে সেটিংয়ের অভিযোগ তুলে পোস্টার পড়েছে বসিরহাট শহর ও তার আশপাশের এলাকায়। তারক ঘোষের বিরুদ্ধে পোস্টারে লেখা, ‘২০২১ সালে বিজেপি সভাপতি হয়ে ভোটের টিকিট নিয়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে ১ কোটি টাকা খেয়ে বসিরহাট দক্ষিণ বিধানসভা বিক্রি করে দেওয়া এবং মার খাওয়া কর্মীদের ফোন না ধরা নেতা তারক ঘোষকে আমরা মানছি না , মানব না।’ বিজেপি কর্মীবৃন্দের নামে এই পোস্টার পড়েছে। অন্যদিকে বিজেপির জেলা সম্পাদক তন্ময় পালের বিরুদ্ধে অভিযোগ ২০২১ সালে অমিত শাহে সভার ৪ লাখ টাকার হিসেব দেন নি। যাঁর নামে পোস্টার বিজেপি নেতা তারক ঘোষ কুম্ভমেলায় রয়েছে। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই অভিযোগ এবং পোস্টারের কথা সংবাদমাধ্যমের সূত্রে জেনেছি। তারক বলেন, ২০২১ সালের ঘটনা নিয়ে এখন পোস্টার অপ্রাসঙ্গিক। বিজেপি নেতা কর্মীদের বিভ্রান্ত করতে এটা বিরোধী দলের চক্রান্ত। মহাকুম্ভ থেকে ফিরে দলের কর্মীদের সঙ্গে কথা বলে ওপর নেতৃত্বকে জানাবো।’ একের পর এক দলের জেলা নেতাদের দূর্নীতির বিরুদ্ধে পোস্টার নিয়ে তৃণমূলকেই নিশানা করেছে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ। তিনি বলেন, আমাদের দলে কোন গোষ্ঠী দ্বন্দ্ব নেই। আমাদের মধ্যে বিরোধ তৈরির জন্য আমাদের নেতাদের কালিমালিপ্ত করে রাজনৈতিক ফযদা তুলতে চাইছে। তাপস ঘোষ বলেন, বিশেষ করে আমাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা চলছে ।
❤ Support Us






