- দে । শ
- ফেব্রুয়ারি ২৫, ২০২৬
কেরলের পর দিল্লির নাম বদলের দাবি পেশ, শাহকে চিঠি পদ্ম সাংসদের
কেরলের নাম বদলে ‘কেরলম’ করার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর দেশজুড়ে নামবদল নিয়ে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই এবার দেশের রাজধানীদিল্লি -র নাম পরিবর্তনের দাবি তুললেন বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল।
দিল্লির চাঁদনি চক কেন্দ্রের এই সাংসদ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চিঠি লিখে রাজধানীর নাম ‘দিল্লি’ থেকে পরিবর্তন করে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানান। তাঁর বক্তব্য, ‘ইন্দ্রপ্রস্থ’ নামটি দেশের রাজধানীর প্রাচীন ঐতিহাসিক শিকড় ও সভ্যতাগত পরিচয়কে পুনরুদ্ধার করবে।
চিঠিতে তিনি উল্লেখ করেন, প্রাচীন সাহিত্য ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গবেষণায় ‘ইন্দ্রপ্রস্থ’-এর উল্লেখ পাওয়া যায়। মহাকাব্য মহাভারতের বর্ণনা অনুযায়ী, পাণ্ডবদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ—যা যমুনা নদীর তীরে অবস্থিত এক সমৃদ্ধ ও সুপরিকল্পিত নগরী। তাঁর দাবি, সেই ঐতিহাসিক নগরীর ভৌগোলিক অবস্থান আধুনিক দিল্লির সঙ্গেই মিলে যায়। ফলে বর্তমান নাম রাজধানীর প্রাচীন ঐতিহ্য ও ঐতিহাসিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রবীণ খান্ডেলওয়াল আরও জানান, দিল্লির পুরানা কিলায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরিচালিত খননে খ্রিস্টপূর্ব প্রায় ১০০০ সালের প্রাচীন বসতির নিদর্শন মিলেছে। সেখানে মহাভারত যুগের মাটির পাত্রও উদ্ধার হয়েছে বলে দাবি তাঁর। এসব প্রমাণ ইন্দ্রপ্রস্থের ঐতিহাসিক অস্তিত্বকে আরও জোরদার করে বলে তিনি মনে করেন। তাঁর বক্তব্য, বর্তমান দিল্লির অবস্থানেই একসময় সমৃদ্ধ হয়েছিল সেই প্রাচীন ইন্দ্রপ্রস্থ।
শুধু নাম পরিবর্তন নয়, রাজধানীর কোনও একটি গুরুত্বপূর্ণ স্থানে পাণ্ডবদের মূর্তি স্থাপনেরও প্রস্তাব দিয়েছেন তিনি, যাতে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে দৃশ্যমান ও স্মরণীয় হয়ে থাকে।
এদিকে, দক্ষিণের রাজ্য কেরল-এর নাম বদলে ‘কেরলম’ করার প্রস্তাব সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি সেই প্রস্তাব বিল আকারে কেরল বিধানসভায় পাঠাবেন। বিধানসভায় তা পাশ হলেই নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ভোটের মুখে কেন্দ্রের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে।
কেরলের নাম বদলের প্রস্তাব ঘিরে নতুন করে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই তিনি রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ থেকে পরিবর্তন করে ‘বাংলা’ করার দাবি জানিয়ে আসছেন। যদিও সেই প্রস্তাবে এখনও পর্যন্ত কেন্দ্রের অনুমোদন মেলেনি।
এই প্রেক্ষাপটে রাজধানী দিল্লির নাম বদলে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি রাজনৈতিক ও ঐতিহাসিক—দুই দিক থেকেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে নাম পরিবর্তনের দাবির মধ্যেই এবার নজর কেন্দ্রীভূত হয়েছে রাজধানীর দিকে।
❤ Support Us






